নারী উদ্যোক্তাদের কর্মদক্ষতাকে অনুপ্রেরণা দিতে রোকেয়া হল ছাত্রলীগের উদ্যোগে চলছে ‘প্রিয়দর্শিনী উদ্যোক্তা মেলা ২০২২’। দু’দিনব্যাপী এই মেলা শুরু হয়েছে গতকাল সোমবার। মেলায় অংশ নিতে পেরে আনন্দিত নারী উদ্যোক্তারা। এতে ব্যবসায়িক সাফল্য আরও বাড়বে বলে আশা করছেন তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হলের একদল মেধাবী উদ্যোক্তােদের উৎসাহিত করতে এই আয়োজন। মেলায় মোট ৩৪ টি দেশী-বিদেশী পণ্যের স্টল বসেছে। এখানে রয়েছে হাতের তৈরী শাড়ি, গহনা, হিজাব, পাঞ্জাবী, কুর্তি, নন এলকোহলিক সেন্ট, খাবারসহ অনেক কিছু।
মেলার উদ্বোধন করেছেন রোকেয়া হলের প্রোভোস্ট অধ্যাপক ড. জিনাত হুদা। আজ ১৫ ই মার্চ সন্ধ্যা পর্যন্ত এ মেলা চলেছে।
নবতার সত্বাধিকারী তারামুন নেসা প্রভা বলেন, “মেলায় উদ্যোক্তা ও ভোক্তাদের উপস্থিতি ব্যাপক সাড়া ফেলেছে। আগে শুধু অনলাইনে ব্যবসা করতাম। এই মেলার মাধ্যমে প্রত্যক্ষভাবে পণ্য বিক্রি করার সুযোগ পেলাম।”

রোকেয়া হল শাখার ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসেন বলেন, “এ ধরনের মেলা আয়োজনের সুযোগ দেওয়ার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। করোনাকালে অনেক শিক্ষার্থী অনলাইনে ব্যবসা শুরু করেছে। তখন থেকেই মনে মনে একটা ভাবনা ছিল শিক্ষার্থীদের নিয়ে অফলাইনে একটি মেলার আয়োজন করা।”
রোকেয়া হল শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক অন্তরা দাস পৃথা বলেন, “নারী উদ্যোক্তাদের বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার ইচ্ছা ছিল।”
অধ্যাপক ড. জিনাত হুদা বলেন, “মেলায় নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ দেখেই বোঝা যাচ্ছে, আগামীতে নারীরা কতটা এগিয়ে যাবে। নারী উদ্যোক্তরা বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে কাজ করছে, যা এক কথায় অসাধারণ।”