২০২৩ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফটে পাঠদান

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩০, ২০২২, ০৩:০৪ পিএম

২০২৩ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফটে পাঠদান

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৩ সালের জানুয়ারি থেকে সব ক্লাস এক শিফটে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম।

আজ রোববার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেন, আগামী বছরের জানুয়া‌রি মাস থেকে দে‌শের সকল প্রাথমিক বিদ্যালয়‌কে এক শিফ‌টে আনার পরিকল্পনা কর‌ছি। আগামী বছ‌রের জানুয়া‌রি থে‌কে এটা কার্যকর ক‌রতে পারব।

আগামী পহেলা জানুয়ারিতে সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন বই হাতে পাবেন জানিয়ে তিনি বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর কাজ একটা ধারাবাহিক প্রক্রিয়া। এখন দেশে সাড়ে ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এগুলোর মধ্যে অনেকগুলো আছে, যেখানে আন্তর্জাতিক মানের শিক্ষা হয়। সব প্রাথমিক বিদ্যালয়ের মান ভালো করার কাজ করছে মন্ত্রণালয়। তবে, এখন মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়ার কারণে সন্তানদের দামি স্কুলে পড়ানোর প্রবণতা বেড়েছে।

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকের বদলি পুরোপুরি অনলাইনে করা হবে জানিয়ে আমিনুল ইসলাম বলেন, এ মাসের ১৫ তারিখের মধ্যে সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির কাজ শেষ হবে। 

Link copied!