আগামী ঈদ উল ফিতরের পর ২৪ মে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর অনলাইন ব্রিফিংয়ে এসে তিনি এ কথা বলেন।
করোনার কারণে দীর্ঘ এক বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বর্তমানে করোনার প্রাদুর্ভাব কিছুটা কমে যাওয়ায় সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। এরইমধ্যে বেশ কিছু কারণে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়। যেখানে বারবার হল খুলে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
এমন পরিস্থিতিতে সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় খোলাসহ সব সমস্যার দ্রুত সমাধান করার নির্দেশ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পরই সোমবার দুপুর দুইটায় অনলাইনে জরুরী সংবাদ সম্মেলনে আসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ ঘোষণা করেন তিনি।
শিক্ষামন্ত্রী জানান, দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান ২৪ মে থেকে শুরু হবে এবং হল খুলবে ১৭ মে। এর আগে সকল ধরনের পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে। ১৭ মে এর আগে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারিদের করোনা টিকা প্রদান করা হবে।
এছাড়া, বিসিএস পরীক্ষার আবেদন ও পরীক্ষার তারিখ বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সঙ্গতি রেখে নির্ধারণ করা হবে। স্কুল কলেজ খোলার বিষয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান ছুটির পর জানানো হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
মন্ত্রীর এ ঘোষণার আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান খোলাসহ সার্বিক বিষয়ে জানাতে শিক্ষামন্ত্রী দিপু মনি অনলাইন সংবাদ সম্মেলন করবেন।
করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।