৪৩তম বিসিএস : আবেদনের সময় বৃদ্ধি আরও ৩ মাস

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৯, ২০২১, ০৬:৩৪ পিএম

৪৩তম বিসিএস : আবেদনের সময় বৃদ্ধি আরও ৩ মাস

আবারও বাড়ছে ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনের সময়সীমা। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১ মার্চের পরিবর্তে ৩০ জুন পর্যন্ত পুন:নির্ধারণ করা হয়েছে।

একই সাথে এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময় পেছানো হয়েছে। পিএসসির প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর শুক্রবার সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে রবিবার বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ৪৩তম বিসিএসের আবেদনের সময় বাড়ানো হবে। যেহেতু অনেক প্রতিষ্ঠান স্নাতক পর্যায়ের ফাইনাল পরীক্ষা শেষ করতে পারেনি। সবার সমান অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সেখানেই সবার মতামত নিয়ে কত দিন বাড়ানো হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়াও ৪৩তম বিসিএসের বিশেষ নির্দেশনা সংশাধন করা হয়েছে। সংশোধিত নির্দেশনাটি হলো: যদি কোনো প্রার্থী এমন কোনো পরীক্ষায় অবতীর্ণ হয়ে থাকেন যে পরীক্ষায় পাস করলে তিনি ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেন এবং যদি তার ওই পরীক্ষার ফলাফল ৪৩তম বিসিএস পরীক্ষার আবেদনপত্র দাখিলের শেষ তারিখ পর্যন্ত প্রকাশিত না হয় তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদনপত্র দাখিল করতে পারবেন। তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে। কেবল সেই প্রার্থীকেই অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে যার স্নাতক বা স্নাতকোত্তর সকল লিখিত পরীক্ষা আগামী ৩০ জুনের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হয়েছে।

পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত নির্দেশাবলি যথাসময়ে সংবাদ মাধ্যম ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

এর আগে গত ২৭ জানুয়ারি পিএসসির বিশেষ বৈঠক শেষে জানানো হয়েছিল, আগামী ৬ আগস্ট এই বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Link copied!