‘অয়নের জন্য চলচ্চিত্র’

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ১১, ২০২১, ০৫:২৯ পিএম

‘অয়নের জন্য চলচ্চিত্র’

হৃদরোগে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী অয়ন ভট্টাচার্যের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে শুরু হয়েছে তিনদিন ব্যাপি চলচ্চিত্র প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০ টাকা করে। বুধবার (১১ নভেম্বর) আয়োজনের প্রথম দিনে প্রদর্শিত হয়েছে 'মনের মাঝে তুমি', 'দারুচিনি দ্বীপ' ও 'মনপুরা' চলচ্চিত্র।

অয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী। তার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে 'অয়নের জন্য চলচ্চিত্র' প্রদর্শনীর সার্বিক সহযোগিতায় রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত 'টেলিভিশন', দুপুর ১২টায় রেদোয়ান রনি পরিচালিত 'চোরাবালি', বিকাল ৩টায় দীপঙ্কর দীপন পরিচালিত 'ঢাকা অ্যাটাক' এবং সন্ধ্যা ৬টায় তানিম রহমান পরিচালিত 'ন ডরাই' প্রদর্শিত হবে। 

এছাড়া, শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় হুমায়ূন আহমেদ পরিচালিত 'নয় নম্বর বিপদ সংকেত', দুপুর ১২টায় নূর ইমরান মিঠু পরিচালিত 'কমলা রকেট', বিকাল ৩টায় সোহেল মোহাম্মদ রানা পরিচালিত 'মুজিব আমার পিতা' এবং সন্ধ্যা ৬টায় অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত 'আয়নাবাজি' প্রদর্শিত হবে। 

প্রদর্শনীতে মোট ১১টি বাংলা সিনেমা দেখানো হবে। প্রতিটি টিকিট বিক্রি হচ্ছে ৫০ টাকায়। টিকিট বিক্রির পুরো টাকাই অয়নের চিকিৎসার জন্যে দেওয়া হবে। 

এর আগে, গত শুক্রবার অয়নের জন্য দুই দিনব্যাপী 'কনসার্ট ফর অয়ন' নামে একটি চ্যারিটি কনসার্টের আয়োজন করে চারুকলা অনুষদের শিক্ষার্থীরা। তবে, কনসার্টের প্রথম দিনে ছাত্রলীগের দুপক্ষের মারামারিতে সেটি বন্ধ হয়ে যায়।

Link copied!