‘প্রলয় গ্যাং’য়ের দুই সদস্যকে ঢাবি থেকে সাময়িক বহিষ্কার

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৮, ২০২৩, ০৯:০৮ পিএম

‘প্রলয় গ্যাং’য়ের দুই সদস্যকে ঢাবি থেকে সাময়িক বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করাসহ অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শিক্ষার্থী ও ক্যাম্পাসভিত্তিক ‘প্রলয় গ্যাং’য়ের দুই সদস্যকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃপক্ষ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী জোবায়ের ইবনে হুমায়ুনকে মারধরের মামলায় বর্তমানে ওই দুই শিক্ষার্থী বর্তমানে কারাগারে আছেন।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের অনুমতি সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কার আদেশ দেয়া হয়।

সাময়িক বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন- নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. নাইমুর রহমান দুর্জয় ও একই শিক্ষাবর্ষের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মো. সাকিব ফেরদৌস।

একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মো. সাকিব ফেরদৌস। সংগৃহীত ছবি 

ঢাকা  বিশ্ববিদ্যালয়ের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২ শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কারের অনুমোদন দেওয়া হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদ্বয়কে 'ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না' মর্মে পত্রপ্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।’

নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. নাইমুর রহমান দুর্জয়। সংগৃহীত ছবি 

প্রসঙ্গত, গত ২৫ মার্চ রাত সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হলের সামনে জোবায়েরকে বেদম মারধর করেন ‘প্রলয় গ্যাং’য়ের দশ জনের বেশি সদস্যদের একটি দল। মারধরকারী শিক্ষার্থীরা জোবায়েরের ব্যাচের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী শিক্ষার্থীর মা সাদিয়া আফরোজ খান। লিখিত এ অভিযোগে জোবায়েরের মা বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষার্থীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬-৭ জনের নাম উল্লেখ করেন। অভিযোগ পাওয়ার পর এদিন রাতে অভিযুক্ত দুই শিক্ষার্থী সাকিব ও দূর্জয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে শাহবাগ থানা পুলিশ।

Link copied!