ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ত্রিশালে পতিত একটি জমির গর্ত থেকে নারীসহ দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, এসব লাশ একই পরিবারের সদস্যদের হতে পারে।
মঙ্গলবার (২১ মে) বিকেলে উপজেলার কাকচর নয়াপাড়া এলাকায় ওই তিনজনের লাশ উদ্ধার করা হয়। তবে তিনজনের লাশই ক্ষতবিক্ষত হওয়ায় তাদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
লাশ উদ্ধারের বিষয়টি জানান ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন। তিনি বলেন, “ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক আগে এখানে এসব লাশ পুঁতে রাখা হয়েছিল। তারা একই পরিবারের সদস্য বলে মনে হচ্ছে। ত্রিশাল থানায় এমন তিনজনের নিখোঁজের কোনো তথ্য নেই। হত্যাকাণ্ডে জড়িতরা দূরের কোনো এলাকায় এ ঘটনা ঘটিয়ে এখানে লাশগুলো পুঁতে রাখতে পারে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।”
স্থানীয় সূত্র জানায়, উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামে একটি পুকুরের পাশে পতিত জমিতে পুঁতে রাখা ছিল তিনজনের লাশ। হালকা মাটি চাপা দিয়ে আনুমানিক ৬-৭ দিন আগে পুঁতে রাখায় লাশ পচে গেছে। দুর্গন্ধ ছড়ানোয় গত রাতে গর্ত থেকে লাশ বের করে নিয়ে আসে শেয়াল। এরপর আজ দুপুর দুইটার দিকে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।
দুপুরে স্থানীয় দুই যুবক মসজিদের দিকে যাওয়ার পথে ক্ষেতের মধ্যে দুই শিশুর লাশ ও ঝোপের ভেতরে ছোট গর্তে হাতের একটি অংশ দেখতে পান। খবর পেয়ে ছুটে আসেন আশপাশের লোকজন। স্থানীয়দের দেওয়া খবরে ঘটনাস্থলে আসে থানা পুলিশ, পিবিআই ও র্যাব। লাশ ক্ষতবিক্ষত ও হাতের আঙুল না থানায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।