নরসিংদীতে ডিবির অভিযানে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৬, ২০২৬, ০৮:৪১ পিএম

নরসিংদীতে ডিবির অভিযানে ‘হানি ট্র্যাপ’ চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নরসিংদীতে নারীদের ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগে একটি সংঘবদ্ধ ‘হানি ট্র্যাপ’ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। চক্রটি অপহরণ, শারীরিক নির্যাতন এবং ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে অর্থ আদায় করত বলে জানিয়েছে পুলিশ।

বুধবার বিকেলে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন স্মৃতি আক্তার, মো. কাইয়ুম, ফয়সাল মিয়া ও শারমিন আক্তার ওরফে বৃষ্টি। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নরসিংদী শহরের সাহেপ্রতাপ ও রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে একই কৌশলে অপরাধ করে আসার কথা স্বীকার করে।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চক্রের নারী সদস্যরা প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যম বা মোবাইল ফোনে বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তুলতেন। পরে দেখা করার কথা বলে নির্জন স্থানে ডেকে নিয়ে যাওয়া হতো। সেখানে অন্য সদস্যরা ভুক্তভোগীকে জিম্মি করে মারধর ও নির্যাতন করত।

অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের বিবস্ত্র করে ভিডিও ধারণ করা হতো। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো বলে জানিয়েছে পুলিশ। টাকা দিতে অস্বীকৃতি জানালে হত্যার হুমকিও দেওয়া হতো।

অভিযানের সময় ফয়সাল মিয়ার কাছ থেকে এক ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়া তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন বলে জানিয়েছে ডিবি পুলিশ।

নরসিংদী গোয়েন্দা পুলিশের পরিদর্শক এরশাদ উল্লাহ বলেন, সম্প্রতি শহরের নাগরিয়াকান্দা এলাকায় এক যুবক এই চক্রের ফাঁদে পড়েন। ঘটনার সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। পরে অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

Link copied!