ছবি কোলাজ: দ্য রিপোর্ট ডট লাইভ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে একই প্যানেল থেকে লড়তে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই মুখ বাপ্পারাজ ও রুমানা ইসলাম মুক্তি। সমিতির সভাপতি পদে বাপ্পারাজ এবং সাধারণ সম্পাদক পদে মুক্তিকে প্রার্থী হিসেবে দেখা যেতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
যদিও সভাপতি পদে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি ‘প্রেমের সমাধি’খ্যাত এই অভিনেতা, তবে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করেছেন চিত্রনায়িকা মুক্তি।
সম্প্রতি এক প্রতিক্রিয়ায় মুক্তি বলেন, তার মা বরেণ্য অভিনেত্রী আনোয়ারার দীর্ঘদিনের ইচ্ছা ছিল তিনি শিল্পীদের কল্যাণে নেতৃত্বের ভূমিকায় আসবেন। সেই স্বপ্ন থেকেই এবার শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শিল্পী সমিতি সংশ্লিষ্ট সূত্র বলছে, এবারের নির্বাচনে মূলত দুটি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। একদিকে থাকছেন বাপ্পারাজ ও মুক্তি, অন্যদিকে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরীকে নিয়ে আরেকটি প্যানেল প্রস্তুতি নিচ্ছে।
বর্তমানে শিল্পী সমিতির নেতৃত্বে রয়েছেন মিশা সওদাগর ও ডিপজল। গত ২৪ এপ্রিল বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।
সে হিসেবে আগামী জুলাইয়ের শেষ দিকে কিংবা আগস্টের শুরুতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।