প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে পিএসসির ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

জাতীয় ডেস্ক

জুলাই ২৯, ২০২৪, ০১:০১ পিএম

প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে পিএসসির ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বরখাস্ত হওয়া পাঁচ কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসকল কর্মকর্তাদের বিরুদ্ধে বিসিএসসহ অন্তত ৩০টি নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে।

এবিষয়ে দুদকের  উপপরিচালক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সোমবার (২৯ জুলাই) ৫ সদস্যের একটি দল গঠন করা হয়েছে বলে সংস্থাটির ঊর্ধ্বতন সূত্র থেকে জানা যায়। অভিযোগে ক্ষমতার অপব্যবহার করে বিসিএস‍‍`সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, উৎকোচ গ্রহণ এবং সিন্ডিকেটের নিকট তা বিক্রয়সহ অবৈধভাবে সম্পদ অর্জনের কথা বলা হয়েছে।  

গত ১০ জুলাই পিএসসি দুদকের সচিব বরাবর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি পাঠায়। ওই চিঠিতে মামলার আসামি উপ-পরিচালক জাহাঙ্গীর আলম ও মো. আবু জাফর, সহকারী পরিচালক মো. আলমগীর কবির এবং পিএসসির কর্মচারী ডেসপাস রাইডার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজেদুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। চিঠিতে আরও বলা হয়, "বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র অবৈধ উপায়ে সংগ্রহ, পরীক্ষার পূর্বে প্রশ্নপত্র প্রকাশ এবং বিতরণ করে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী হিসেবে অপরাধ সংঘটনে জড়িত থাকার অভিযোগে কর্ম কমিশনের ৫ জনসহ অন্যান্যকে আসামি করে পল্টন থানার মামলা হয়েছে।" এদের মধ্যে ৫ জন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয় ও বর্তমানে জেলে আছেন।

দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ অনুসারে, এভাবে অসাধু উপায়ে অসঙ্গতিপূর্ণ সম্পত্তির মালিকানা অর্জন তফসিলভুক্ত অপরাধ। তাই তদন্ত করে এসব অভিযোগ সম্পর্কে কমিশনকে অবহিত করতে অনুরোধ করেছে সংস্থাটি।

Link copied!