দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১১, ২০২৪, ০৭:০৮ এএম

দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ

ছবি: সংগৃহীত

দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথ পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

রোববার (১১ আগস্ট) দুপুর ১২টা ৫০ মিনিটে বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের আল্টিমেটামের মুখে গতকাল শনিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেন। পদত্যাগ করেন আপিল বিভাগের আরও ৫ বিচারপতি।

আরও পড়ুন: শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ২ উপদেষ্টা

নতুন প্রধান বিচারপতির সংক্ষিপ্ত জীবনপঞ্জী

১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্ম সৈয়দ রেফাত আহমেদের। ১৯৮৪ সালে জেলা আদালত, ১৯৮৬ সালে হাইকোর্ট ও ২০০২ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি।

২০০৩ সালের ২৭ এপ্রিল অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। ২ বছর পর ২০০৫ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, ভারত, পাকিস্তান, আরব আমিরাত, শ্রীলঙ্কা, নেপালসহ নানা দেশে ভ্রমণ করেছেন তিনি।

Link copied!