সিগারেটের শলাকায় শাহবাগে আগুন, পুড়ল ১০ গাড়ি

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

মার্চ ৫, ২০২৪, ১২:২৭ পিএম

সিগারেটের শলাকায় শাহবাগে আগুন, পুড়ল ১০ গাড়ি

শাহবাগ থানা। ফাইল ছবি

এবার শাহবাগ থানার পাশে কার ডাম্পিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শাহবাগ থানার কার ডাম্পিংয়ে দুপুর আড়াইটার দিকে একটি গাড়িতে আগুন লেগে যায়। হুট করেই সেই আগুন একাধিক গাড়িতে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে প্রতক্ষ্যদর্শীরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এদিকে আগুন লাগার খবর পেয়ে দুপুর দুইটা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। একপর্যায়ে তাদের সঙ্গে থাকা বিশেষ পানিবাহী গাড়িসহ সিদ্দিক বাজার স্টেশনের আরেকটি ইউনিট যোগ দেয়। তিনটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় তিনটা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি ট্রাক, তিনটি কাভার্ড ভ্যান, পাঁচটি প্রাইভেট কার, একটি সিএনজি এবং একটি পিকআপসহ ১০টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পলাশী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. জিসান রহমান নাবিদ দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি কেউ অসাবধানতাবশত কেউ সিগারেট খেয়ে নিক্ষেপ করায় অগ্নিকাণ্ডের সূচনা বলে আমরা ধারণা করছি। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য তদন্ত প্রয়োজন।’

Link copied!