মার্চ ৩০, ২০২৬, ০২:৪৭ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ-এর গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার দিবাগত রাতে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি সোমবার নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) রবিউল ইসলাম ভূঁইয়া।
পুলিশ জানায়, জুলাই আন্দোলন ঘিরে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে হেফাজতে থাকা কয়েকজন রাজনৈতিক নেতা ও ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, মামলার অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।