মার্চ ২৪, ২০২৪, ১১:১৯ এএম
গ্রেপ্তার হওয়া সাতজন আসামি। ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ
বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ মো. রুবেল হোসেনকে হত্যার অভিযোগে সাতজন আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রিকশার নম্বর প্লেটকে নিয়ে কথা কাটাকাটিকে কেন্দ্র করে তাকে হত্যা করা হয়।
রোববার (২৪ মার্চ) গণমাধ্যমে আসা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। আসামিরা হলেন- রাশেদুজ্জামান খান রাজু (৩৫), রকিব হোসেন মুন্না (৩২), মো. শারিকুল ইসলাম খান (৪৫), মো. আজিম পাটোয়ারী (৩৪), মো. মাহবুব খান (৩৫), শরীফ খান (৩৩) ও মো. সোহরাব খান (৩৩)। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯ (ক) ধারা অনুযায়ী ভাটারা থানায় একটি মামলা করা হয়েছে।

মামলায় উল্লেখ করা হয়, রাজধানীর ভাটারা থানাধীন জোয়ারসাহারাস্থ খাপাড়া এলাকায় ডিওএইচএস সোসাইটিতে একটি রিকশার নম্বর প্লেটকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে আসামিরা দেশি-বিদেশি অস্ত্র নিয়ে মো. রুবেল হোসেনের ওপর হামলা করে। এ সময় মো. রাশেদুজ্জামান খান রাজু বাসা থেকে বেরিয়ে এসে ফাঁকা গুলি ছোড়ে। এরপর আরেকজন অস্ত্রধারী আসামি রকিব হোসেন মুন্না হত্যার উদ্দেশ্যে মো. রুবেল হোসেনকে লক্ষ্য করে গুলি করে। এতে তার ডান পায়ের উরুতে গুলি লেগে গুরুতর আহত হন। পরবর্তীতে অস্ত্রধারী আসামিসহ অন্যান্য আসামিরা ঘটনাস্থল ছেড়ে দ্রুত পালিয়ে যায়।
এ ঘটনায় দুটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলভার, একটি শর্টগান, একটি পুরনো রিভলভার, একটি নাইন-এমএম পিস্তল, ৭৫ রাউন্ড গুলি, ২ রাউন্ড শর্টগানের কার্তুজ, ২১০ রাউন্ড গুলির খোসা, পাঁচটি পুরনো ম্যাগাজিন, ৪০ গ্রাম বারুদসদৃশ বস্তু ও ৬০ পিস বিভিন্ন অস্ত্রের ক্ষুদ্র যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।