জুলাই ২৯, ২০২৪, ১০:২৫ এএম
ছবি: সংগৃহীত
মিরপুর-১০, ইসিবি চত্বর ও ধানমন্ডির স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পাশাপাশি ইসিবি চত্বরে জড়ো হওয়া একদল বিক্ষোভকারীকে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়ার ঘটনা ঘটেছে।
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর সোমবার (২৯ জুলাই) আটক ও লাঠিচার্জের ঘটনা ঘটে। এর আগে রাজধানীর কয়েকটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।
গতকাল রোববার এক ভিডিও বার্তায় শিক্ষার্থীদের চলমান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ডিবি হেফাজতে থাকা ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’র ৬ সমন্বয়ক। ওই সমন্বয়কদের কাছ থেকে অন্য সমন্বয়কদের মধ্যে কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ বিক্ষোভের ঘোষণা দিয়ে এই আন্দোলন চলমান থাকবে বলে জানান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ ঢাকার আটটি স্থানে বিক্ষোভ কর্মসূচি হবে বলে জানানো হয়েছিল। এই আটটি স্থান হচ্ছে- সায়েন্স ল্যাব, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেট, জাতীয় প্রেস ক্লাব, উত্তরার বিএনএস সেন্টার, মিরপুর-১০, মিরপুরের ইসিবি চত্বর, রামপুরা ও মহাখালী। সকাল থেকেই এসব এলাকায় পুলিশ মোতায়েন করতে দেখা গেছে। পাশাপাশি র্যাবের হেলিকপ্টারের টহলও দেখা গেছে। সেনা সদস্যদেরও রাজধানীর বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে।
বিক্ষোভ কর্মসূচির সময় মিরপুর-১০ নম্বরের গোলচত্বর থেকে ১০ জনকে আটক করা হয়েছে বলে জানান মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির। ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে ১০ জনকে আটকের কথা জানিয়েছেন নিউমার্কেট জোনের সহকারী কমিশনার মো. রেফাতুল ইসলাম। এ ছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে ইসিবি চত্বরে দায়িত্বরত পুলিশের একজন কর্মকর্তা জানান, কয়েকজন বিক্ষোভকারী গলি থেকে ইট-পাটকেল নিক্ষেপ করছিল। পুলিশ তাদের সরিয়ে দিয়েছে ও কয়েকজনকে আটক করেছে।