সাগর-রুনি হত্যা মামলা: ফের পেছাল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ

আদালত প্রতিবেদক

আগস্ট ৭, ২০২৩, ১২:১৯ পিএম

সাগর-রুনি হত্যা মামলা: ফের পেছাল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ

সংগৃহীত ফাইল ছবি

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে গত সাড়ে ১১ বছরে একশ বারের মতো পেছাল মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ। 

সোমবার (৭ আগস্ট) আলোচিত এই মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলাটির তদন্ত সংস্থা র‌্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ সেপ্টেম্বর তারিখ ধার্য করেন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এর আগে ৯৯ বার সময় নিয়েছে। চলতি বছরের ২২ জুন প্রতিবেদন দাখিলের পরবর্তী দিন ৭ আগস্ট ধার্য করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন। 

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর রাজধানীর শেরে বাংলা থানায় মামলা হলে এর তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার একজন উপ-পরিদর্শক (এসআই)। চারদিন পর ওই মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।তবে দুই মাসেরও  বেশি তদন্ত করে রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয় হলে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভা র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

সাগর-রুনি হত্যার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যেই খুনিদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে। এরপর পেরিয়ে গেছে সাড়ে ১১ বছর। সোমবারও তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনীকে তাদের রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় হত্যা করা হয়। তখন বাসায় ছিল তাদের সাড়ে চার বছরের ছেলে মাহির সারোয়ার মেঘ। হত্যার পর রুনীর ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।

Link copied!