গোপনে গাঁজা চাষ, ১০ ফুট উচ্চতার গাছ উদ্ধার

জাতীয় ডেস্ক

জুলাই ২৯, ২০২৪, ০৮:০২ এএম

গোপনে গাঁজা চাষ, ১০ ফুট উচ্চতার গাছ উদ্ধার

চাষকৃত গাঁজা গাছ। প্রতীকী ছবি।

উত্তরাঞ্চলের জেলা বগুড়ার শেরপুরের একটি বসতবাড়িতে গোপনে গাঁজার চাষ চলছিল।

খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। তাদের উপস্থিতি টের পেয়ে সেই বাড়ি থেকে সপরিবার পালিয়ে গেছেন সদস্যরা।

ঘটনাস্থল থেকে পুলিশ প্রায় ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ জব্দ করে। গাঁজাগাছটির ওজন প্রায় ৪ কেজি। রোববার রাতে এটা শেরপুরের সীমাবাড়ি ইউনিয়নের ররোয়া পশ্চিমপাড়া গ্রামের ঘটনা।

গাঁজা চাষকারী অভিযুক্তের নাম সাইফুল ইসলাম। এ ঘটনায় বাড়িটির মালিকের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন জানান, সাইফুল গোপনে তার বসতবাড়ির পেছনে গাঁজার চাষ করতেন। স্থানীয়ভাবে সে মাদকসেবী ও বিক্রেতা হিসেবে পরিচিত। গতকাল রাতে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে স্ত্রী ও সন্তানদের নিয়ে পলায়ন করে।

তিনি আরও বলেন, বাড়ির ভেতরে চারপাশে অভিযান চালিয়ে ১০ ফুট উচ্চতার প্রায় চার কেজি ওজনের একটি গাঁজাগাছ পাওয়া গেছে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, মাদক ব্যবসায়ী সাইফুলকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার তৎপরতা চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রামের মানুষ সাইফুলের মাদক ব্যবসায়ের কথা জানলেও আঁধারেই ছিলেন তার গাঁজার চাষ সম্পর্কে। পুলিশের অভিযানের পর তারা বিষয়টি জানতে পারেন বলে জানিয়েছে স্থানীয়রা।

এর আগে গত ৩ এপ্রিল গাজীপুরের শ্রীপুরে সবজি চাষের আড়ালে ২০ টি চাষকৃত গাঁজা গাছ উদ্ধার করে পুলিশ। বাজারে দাম বেড়ে যাওয়ায় শরিফ উদ্দিন  নামের এক ব্যাক্তির গাঁজা চাষের চিন্তা মাথায় আসে। তাই বিভিন্ন জেলা থেকে গাঁজার চারা কিনে বাড়ির আঙ্গিনায় সবজি খেতে সেগুলো রোপণ করেন তিনি।

এসব চারা প্রায় গাছে পরিণত হলে সেগুলো প্রতিবেশীর নজরে আসে ও পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসার খবর পেয়ে এক্ষেত্রেও পালিয়ে যায় পরিবারের সবাই।

Gaja Cultivation in Bangladesh
বাড়ি উঠোন জুড়ে গাঁজা চাষ করেছেন শরিফ উদ্দিন নামে এক মাদকসেবী। সংগৃহীত ছবি।

২০১৮ সালে এশিয়ার প্রথম দেশ হিসেবে থাইল্যান্ড চিকিৎসার ক্ষেত্রে গাঁজা ব্যবহারের বৈধতা দেয়। ২০২২ সালে নিষিদ্ধ মাদকের তালিকা থেকে গাঁজাকে বাদ দিয়েছে থাইল্যান্ড। এর মাধ্যমে দেশটির বাসা বাড়িতে বৈধতা পায় গাঁজা চাষ। গাঁজার ব্যবহার, বাণিজ্যিক চাষ ও বিক্রি সম্পর্কে বিভিন্ন নির্দেশনা রয়েছে দেশটির। সরকারকে না জানিয়ে বাড়িতে গাঁজা চাষ করলে জরিমানারও বিধান রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে। একই বছর কৃষি ও পর্যটন খাতের প্রসারের স্বার্থে, গাঁজা চাষে জনগণকে উৎসাহিতের লক্ষ্যে, বিনামূল্যে ১০ লাখ বীজ বিতরণের ঘোষণাও দিয়েছিল থাই সরকার।

এর আগে ২০২১ সালের ডিসেম্বরে প্রথম ইইউভুক্ত দেশ হিসেবে গাঁজার চাষ ও ব্যক্তিগত ব্যবহারে (সেবন) অনুমোদন দিয়েছে মাল্টার সরকার।

Link copied!