সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দুই দিনের রিমান্ড আবেদন

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৭, ২০২৬, ০৩:৩৯ পিএম

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দুই দিনের রিমান্ড আবেদন

ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানকালীন সহিংসতার একটি মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে। মামলাটিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তাকে তোলা হলে ডিবি তাদের আবেদনে জানায়, মামলার অন্যান্য পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করতে রিমান্ড প্রয়োজন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর লালবাগ থানার একটি সহিংসতা, ভাঙচুর ও হত্যাচেষ্টার ঘটনায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর বাইরে উত্তরা ও বনানী থানায় আরও দুটি মামলা রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া রংপুরের একটি হত্যা মামলাতেও তিনি পলাতক আসামি হিসেবে তালিকাভুক্ত।

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টায় রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে আটক করে ডিবি। পরে সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালে প্রথমবার জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন এবং পরবর্তীতে টানা চার মেয়াদে দায়িত্ব পালন করেন। তিনি রংপুর-৬ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করলেও জুলাইয়ের রাজনৈতিক পরিবর্তনের পর ওই পদ থেকে সরে দাঁড়ান।

এদিকে রংপুরে দায়ের করা একটি হত্যা মামলায় অভিযোগ করা হয়েছে, স্থানীয় রাজনৈতিক বিরোধের জেরে তার নির্দেশে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনা ঘটে। অভিযোগটি তদন্তাধীন রয়েছে।

মামলার অগ্রগতি ও রিমান্ড বিষয়ে আদালতের সিদ্ধান্তের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

 

Link copied!