ছবি: সংগৃহীত
বাজার এখন মৌসুমি ফলে ভরে গেছে। আম, জাম, কাঁঠাল, লিচুসহ নানা জাতের ফল মিলছে। শরীর সুস্থ রাখতে এবং ফিট থাকতে ফল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরাও, ফলে প্রতিদিনের খাদ্যতালিকায় ফল রাখেন অনেকেই।
পুষ্টিকর খাবারের সন্ধানে অনেকে নিয়মিত বাজার থেকে ফল কিনে ফ্রিজে সংরক্ষণ করেন। তবে এভাবে ফল রেখে খাওয়া কতটা স্বাস্থ্যকর, তা নিয়ে নানা আলোচনা রয়েছে। এ বিষয়ে একটি প্রতিবেদনে তথ্য জানিয়েছে ‘নিউজ এইট্টিন’।
প্রতিবেদনে বলা হয়েছে, আজকাল ফল তাজা রাখতে অনেক বিক্রেতাই ফলে ফরমালিনসহ নানা ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করেন। এই সব বিষাক্ত রাসায়নিক পুষ্টির জোগানোর বদলে বিষ হয়ে ঢোকে।
তবে বিশেষজ্ঞদের মতে, কিছু সতর্কতা মেনে চললে ফল থেকে ক্ষতিকর উপাদান দূর করা সম্ভব।
গবেষণায় দেখা গেছে, বাজার থেকে কেনা ফল বা সবজি ভিনেগার ও পানির মিশ্রণে ১৫ মিনিট ভিজিয়ে রাখলে প্রায় ১০০ শতাংশ ফরমালিন দূর করা যায়। ভিনেগার না থাকলে খাওয়ার আগে ফল লবণ পানিতে ১০ মিনিট ভিজিয়ে রাখলেও উপকার পাওয়া যায়।
এছাড়া, পরিষ্কার পানিতে প্রায় ১ ঘণ্টা ফল ভিজিয়ে রাখলে ফরমালিনের পরিমাণ প্রায় ৬১ শতাংশ পর্যন্ত কমে যায় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।