মার্চ ২২, ২০২৬, ০২:১৪ পিএম
ছবি: সংগৃহীত
কুমিল্লা নগরীর পদুয়ার বাজার লেভেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। নিহতদের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
রোববার ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি বলেন, দুর্ঘটনাটি সরকারের উচ্চপর্যায়ে নজরদারিতে রয়েছে এবং আহতদের প্রয়োজন অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হবে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে লেভেল ক্রসিংগুলো ধাপে ধাপে স্বয়ংক্রিয় ব্যবস্থার আওতায় আনা হবে। ইতোমধ্যে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই রেল কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দুটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে।
অন্যদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকেও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসক মো. রেজা হাসান জানিয়েছেন, নিহতদের পরিবারকে অতিরিক্ত ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে আটজন বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর এবং দুজনকে আইসিইউতে রাখা হয়েছে। এছাড়া প্রাথমিক চিকিৎসা শেষে অন্তত ১৮ জন হাসপাতাল ছেড়েছেন।
শনিবার গভীর রাতে পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের একটি লেভেল ক্রসিংয়ে ঢাকাগামী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে অনেক দূর পর্যন্ত ঠেলে নিয়ে যায়, ফলে হতাহতের সংখ্যা বাড়ে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গেটম্যানের দায়িত্বে অবহেলা এ দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।