প্রখ্যাত জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাসের আজ (১৩ এপ্রিল) মৃত্যুদিবস। ২০১৫ সালের এই দিনে ৮৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
১৯২৭ সালের ১৬ অক্টোবর জন্ম গুন্টার গ্রাসের। দ্বিতীয় বিশ্বযুদ্ধে গুন্টার গ্রাসকে বাধ্যতামূলকভাবে অংশ নিতে হয়েছিল। জার্মানির পরাজয়ের পর যুদ্ধবন্দি হিসেবে জেল খেটেছেন তিনি। ছাড়া পেয়ে কয়লাখনিতে শ্রমিক হিসেবেও কাজ করেন মানবতাবাদী এই লেখক। পরে শুরু করেন লেখালেখি।
অল্প বয়সেই শিল্পের বিভিন্ন প্রাঙ্গনে নিজের প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। কবিতা, নাটক, ভাস্কর্য, গ্রাফিক আর্টসহ প্রায় সব শাখায় অবাধ প্রতিপত্তির অধিকারী এই সাহিত্যিক আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলেন তাঁর প্রথম উপন্যাস প্রকাশের পর। ১৯৫৯ সালে প্রকাশিত হয় তাঁর বিশ্ববিখ্যাত উপন্যাস 'টিন ড্রাম'। এই সাহিত্য কর্মের জন্যই তিনি ৪০ বছর পর সাহিত্যে নোবেল পুরস্কার পান।
রাজনীতি সচেতন ব্যক্তিত্ব ছিলেন গুন্টার গ্রাস। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ এর তীব্র সমালোচক ছিলেন এই সাহিত্যিক। ইসরায়েলেরও কড়া সমালোচক ছিলেন তিনি। দেশটির কঠোর সমালোচনা করে গুন্টার গ্রাস ২০১২ সালে ‘হোয়াট মাস্ট বি সেইড’ নামে একটি গদ্য-কবিতা লেখেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁর বিরুদ্ধে ইহুদিবাদ-বিদ্বেষী অভিযোগ এনে তাঁকে দেশে নিষিদ্ধ ঘোষণা করে ইসরায়েল সরকার।