গায়ক জর্জ হ্যারিসনের জন্মদিন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২১, ০১:১৮ এএম

গায়ক জর্জ হ্যারিসনের জন্মদিন

বন্ধু আমার এল একদিন/চোখভরা তার ধু ধু হাহাকার/বলল কেবল সহায়তা চাই/বাঁচাতে হবে যে দেশটাকে তার/বেদনা যদি না ও বা থাকে তবু/জানি আমি, কিছু করতেই হবে/সকলের কাছে মিনতি জানাই আজ আমি তাই/কয়েকটি প্রাণ এসো না বাঁচাই/বাংলাদেশ বাংলাদেশ  --এই গানের অমর স্রস্টা জর্জ হ্যারিসনের জন্মদিন আজ ২৫ ফেব্রুয়ারি।

১৯৪৩ সালের এই দিনে ব্রিটেনের লিভারপুলে জন্মগ্রহণ করেন বিংশ শতাব্দীর তুমুল জনপ্রিয় গায়ক ও গীটারবাদক হ্যারিসন। তবে তার প্রতিভা এ দুয়ে সীমাবদ্ধ ছিল না। তার বিচরণের ক্ষেত্র  ব্যাপ্ত ছিল সংগীত পরিচালনা, রেকর্ড পরিচালনা ও চলচ্চিত্র প্রযোজনা অব্দি।বিশ্বখ্যাত ব্যান্ড বিটলস'র চার সদস্যের একজন হিসেবেই তিনি বিখ্যাত হয়ে ওঠেন।

১৯৭১ সালে বাংলাদেশে চালানো পাকিস্তানী সেনাদের নির্যাতন ও অত্যাচারের খবর বিশ্ববাসীকে জানাতে ও বাংলাদেশি শরণার্থীদের সাহায্য করতে পণ্ডিত রবি শঙ্করের সঙ্গে মিলে হ্যারিসন আয়োজন করেন দ্য কনসার্ট ফর বাংলাদেশ।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ১ আগস্ট আমেরিকার নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত ওই কনসার্টের মাধ্যমে সারা বিশ্ব জেনে যায় বাঙালিদের ওপর পাকিস্তানীদের বর্বরতার খবর। কনসার্টে তার বাংলাদেশ বাংলাদেশ-গানটি সবার হৃদয় ছুঁয়ে যায়। শরণার্থী হওয়া বাঙালিদের সহায়তার উদ্দেশ্যে এই কনসার্টের মাধ্যমে সংগ্রহ করা হয় প্রায় আড়াই লাখ মার্কিন ডলার।

১৯৬০ সালের মাঝামাঝি সময় থেকে হ্যারিসন ভারতীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়ে পড়েন।১৯৬৯ সালে লন্ডনের রাধাকৃষ্ণ মন্দিরে হরেকৃষ্ণ মন্ত্র জপ শুরু করেন। এরপর থেকে হ্যারিসন হরেকৃষ্ণ সম্প্রদায়ের সাথে যুক্ত হন যা জীবনের শেষ দিন পর্যন্ত ছিল। ১৯৯৭ সালে হ্যারিসনের গলায় ক্যান্সার ধরা পড়ে।২০০১ সালেতার ফুসফুস থেকে ক্যান্সার টিউমার অপসারণ করা হয়।একই বছরের ২৯ নভেম্বর মারা যান খ্যাতিমান এই গায়ক। তার দেহভস্ম ভারতের কাশীর নিকট গঙ্গা ও যমুনা নদীতে ছড়িয়ে দেওয়া হয়।

মুক্তিযুদ্ধে বিশাল অবদানের জন্য ২০১২ সালে বিদেশি নাগরিকদের সঙ্গে জর্জ  হ্যারিসনকে  মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মামনা দেয় বাংলাদেশ সরকার।  

Link copied!