বলিউডের চিরসবুজ ব্যক্তিত্ব বিনোদ খান্না

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৭, ২০২১, ০২:৫৪ পিএম

বলিউডের চিরসবুজ ব্যক্তিত্ব বিনোদ খান্না

বলিউডের ‘এভারগ্রিন হিরো’ তকমা পাওয়া প্রখ্যাত অভিনেতা বিনোদ খান্নার আজ (২৭ এপ্রিল) মৃত্যুদিবস। ২০১৭ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। অভিনেতা সাংসদ বিনোদ খান্না দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। ভারতের মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স ফাউনডেশন অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি ছিলেন তিনি। ২০১৭ সালের এই দিনে সেখানেই জীবনাবসান হয় তাঁর।

১৯৪৬ সালের ৬ অক্টোবর পাকিস্তানের পেশোয়ারে এক পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন বিনোদ খান্না। ভারত বিভক্তির পরই তার পরিবার ভারতের মুম্বাইতে পাড়ি জমায়।  

বলিউডের জনপ্রিয় এই অভিনেতা ১৯৯৭ সালে রাজনীতির মঞ্চে আসেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সদস্য হয়ে। ১৯৯৯ সালে তিনি গুরদাসপুর আসন থেকে লোকসভার সদস্য নির্বাচিত হন। চারবার এই আসন থেকে তিনি জয়লাভ করেন। ২০০২ সালে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান। ছয়মাস পর ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন।

নেগেটিভ চরিত্র দিয়ে অভিনয় জীবনের শুরুটা হলেও খুব শিগগিরিই নায়কের চরিত্রে দর্শকদের মন জয় করে নেন বিনোদ খান্না। যার পালা অব্যাহত ছিল চার দশকেরও বেশি সময় ধরে।  

সত্তর এবং আশির দশকের সেই সময়টা হিন্দি সিনেমায় যখন রাজত্ব চলছে অমিতাভ বচ্চন, ঋষি কাপুর কিংবা শত্রুঘ্ন সিনহাদের মতো মেগাস্টারদের,তখন তাদের সঙ্গে পাল্লা দিয়ে জ্বলে উঠেতে শুরু করে বিনোদ খান্না।

হেরাফেরি, মুকাদ্দর কা সিকান্দর, অমর আকবর অ্যান্টনি-র মতো ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করে গিয়েছেন অমিতাভ বচ্চনের পাশাপাশি। বেশ কয়েকবার ফিল্মফেয়ারের সহ-অভিনেতার পুরস্কার পুরে নিয়েছেন নিজের ঝুলিতে। কুরবানি ছবির জন্য পেয়েছেন সেরা অভিনেতার মনোনয়ন।

১৯৬৮ সালে কেরিয়ার শুরুর পর ২০১৫ সাল পর্যন্ত বিনোদ খান্না অভিনয় করেছেন প্রায় একশ’টি সিনেমায়। অভিনয়ের জন্য পেয়েছেন ফিল্মফেয়ার আর জি সিনে পুরস্কার। বিনোদ খান্নার দুই সন্তান অক্ষয় এবং রাহুল খান্নাও বলিউডেই ক্যারিয়ার গড়েছেন।

 

Link copied!