বিয়ে নিয়ে বিতর্ক, ঝগড়া, কাদা ছোঁড়াছুড়ি, মামলা যুদ্ধের পর অবশেষে ভেঙ্গেই গেলে নতুন প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন ও মডেল-অভিনেত্রী সুবাহর সংসার। তৃতীয় স্ত্রী সুবাহকে তালাক দিয়েছেন ইলিয়াস।
গত ১৩ মার্চ সুবাহকে তালাকের নোটিশ পাঠান তিনি। খবরটি দ্য রিপোর্ট ডট লাইবকে সংগীতশিল্পী ইলিয়াস নিজেই নিশ্চিত করেছেন। তিনি সস্পষ্ট করে বলেন, যথানিয়মে সুবাহর বরাবর তালাকের নোটিশ পাঠানো হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই সেটা কার্যকর হয়ে যাবে।”
ইলিয়াস আরও বলেন, 'তার (সুবাহ) জীবন নিয়ে সে ভালো থাকুক, আমারটা নিয়ে আমি। আর কোনো ঝামেলায় জড়াতে চাই না।”
গত বছরের ১ ডিসেম্বর ইলিয়াস ও সুবাহ ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন। এর কয়েক দিন পর সেটা প্রকাশ্যে আনেন। কিন্তু সুখবর প্রকাশ্যে আসার সঙ্গে উন্মোচিত হয় নানা বিতর্ক। এক মাসের মাথায় তাদের দাম্পত্যে ফাটল ধরে। এমনকি হাতাহাতিও হয় তাদের মধ্যে।
সুবাহ বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে শিল্পী ইলিয়াসের বিরুদ্ধে নানা অভিযোগ করেন।
সুবাহ অভিযোগ তোলেন, ইলিয়াস আগের স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তাকে বিয়ে করেছেন। ফলে তিনি প্রতারণার শিকার হয়েছেন। শুধু তাই নয়, ইলিয়াসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা ও পর্নোগ্রাফি এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
অন্যদিকে ইলিয়াস দাবি করেন, তাকে ফাঁদে ফেলে বিয়ে করেছেন সুবাহ। তিনিও গত ১৭ ফেব্রুয়ারি হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫,২৬,২৯,৩৫ ধারায় সুবাহর বিরুদ্ধে মামলা করেন।
গণমাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায়, একে-অপরের নামে কাদা ছোঁড়াছুড়ি করেছেন ব্যাপক। তবে শেষ পর্যন্ত নিয়ম অনুযায়ী বিচ্ছেদের পথে হাঁটলেন তারা। যদিও এ বিষয়ে সুবাহর কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত পাওয়া য়ায়নি।
চিত্রনায়িকা সুবাহ ৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে এখন পর্যন্ত তার অভিনীত কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি। বর্তমানে রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ সিনেমার ডাবিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।
অন্যদিকে, গায়ক ইলিয়াস হোসাইন ‘না বলা কথা’, ‘আমার ভেতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’ গানগুলোর মাধ্যমে শ্রোতামহলে জনপ্রিয়তা লাভ করেন।