আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যর্থ মাহিয়া মাহি

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২, ২০২৩, ০৮:২৩ এএম

আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যর্থ মাহিয়া মাহি

বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলামের পদত্যাগে শূন্য হওয়া চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সংখ্যা অনেক বেশি।এ পর্যন্ত ১৮ জনের দলীয় মনোনয়ন ফরম কেনার কথা জানা গেছে।এর মধ্যে ছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি।

গত বৃহস্পতিবার বিকেলে স্বামী রকিব সরকারকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি।তবে আওয়ামী লীগের পক্ষ থেকে মাহিয়া মাহিকে মনোনয়ন দেওয়া হয়নি।

মনোনয়ন না পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মাহিয়া মাহি তার ফেসবুকে এক ভিডিও বার্তায় বলেন, প্রধানমন্ত্রী দলের জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই তা ভালোর জন্য। আমি মনোনয়ন না পেলেও দলের পক্ষে কাজ করবো।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনের সাংসদ প্রার্থী হিসেবে মাহি নয়, নৌকার টিকেট পেয়েছেন জিয়াউর রহমান।

তার নাম নিয়ে মাহি বলেন, জিয়াউর রহমান নামে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে নিশ্চয়ই তিনি দলের জন্য বেস্ট। তার পক্ষে এবং নৌকার পক্ষে আমি মাঠে কাজ করবো। ওই আসনে যেন আওয়ামী কমপক্ষে ৫০ হাজার বেশি ভোটে জেতে সেই লক্ষ্যে কাজ করবো।

জনপ্রিয় এই চিত্রনায়িকা বলেন, ওই আসনে আরও যারা প্রার্থী হতে চেয়েও মনোনয়ন পাননি সবাইকে বলবো, আসুন আমরা পহেলা ফেব্রুয়ারির নির্বাচনে এক হয়ে চাঁপাইনবাবগঞ্জ ২ আসনে নৌকা জয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দেই।

বর্তমানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে আছেন মাহিয়া মাহি। তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

উপনির্বাচনে নৌকা থেকে মনোনয়ন না পেলেও মাহি তার রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানান।

Link copied!