আজ মুক্তি পাচ্ছে শহীদ কাপুর অভিনীত ‘জার্সি’

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২২, ২০২২, ১০:১৮ এএম

আজ মুক্তি পাচ্ছে শহীদ কাপুর অভিনীত ‘জার্সি’

আজ শুক্রবার (২২ এপ্রিল) মুক্তি পাচ্ছে শহীদ কাপুর অভিনীত সিনেমা জার্সি। একাধিকবার বদলেছে ‘জার্সি’ ছবির মুক্তির দিন। আর তাই একটু হতাশই ছিলেন এই ছবির নায়ক শহীদ কাপুর। সুপারহিট তেলেগু ছবির হিন্দি রিমেক এই ছবিটি। তেলেগু ছবির নামও ছিল ‘জার্সি’। মুম্বাইয়ের মেহেবুব স্টুডিওতে শহীদ কাপুরের সঙ্গে এক সাক্ষাৎকারের শুরুতেই উঠে আসে ছবি মুক্তির প্রসঙ্গ।

বাংলাদেশ ও ভারতের কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধিকে দেওয়া সাক্ষাৎকারের স্বস্তির নিশ্বাস ছেড়ে শহীদ বলেন, ‘অবশেষে “জার্সি” মুক্তি পাচ্ছে। অপেক্ষায় থাকতে এত কষ্ট হচ্ছিল যে শুটিংয়ের সময় ঠোঁট ফেটে সেলাই পড়লেও এত কষ্ট হয়নি। এমনকি সেলাই পড়েছিল।’
ছবির নাম ‘জার্সি’। তাই উঠে এল তাঁর প্রিয় জার্সির কথা। শহীদ এ ব্যাপারে বলেন, ‘আমি স্কুলের ক্রিকেট দলের হয়ে যখন ম্যাচ খেলতাম, আমার কাছে তখন কোনো জার্সি ছিল না। তবে ২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপের ভারতীয় দলের অনুকরণে বানানো বিশেষ এক জার্সি আছে আমার কাছে।’ তাঁকে শেষ রুপালি পর্দায় দেখা গিয়েছিল তেলেগু ছবি ‘অর্জুন রেড্ডি’র হিন্দি রিমেক ‘কবির সিং’–এ। ‘কবির সিং’–এর পর আবার রিমেক ছবিতে তিনি। এ প্রসঙ্গ উঠতেই শহীদ বলেন, ‘প্রথমে আমার মনেও দ্বিধা ছিল। পরপর রিমেক ছবিতে কাজ করতে চাইছিলাম না। আসলে ‘জার্সি’র গল্প আমাকে দারুণভাবে প্রভাবিত করেছিল। জীবনে হার না মানার গল্প। নিজেকে কোথাও খুঁজে পাচ্ছিলাম এই ছবিতে। তাই ছবিটি করতে রাজি হয়ে গেলাম।’ সংঘর্ষ, আবেগ, ক্রিকেট, ভালোবাসা ছাড়া বাবা-ছেলের সম্পর্ককে ‘জার্সি’ ছবিতে তুলে ধরা হয়েছে।

 

Link copied!