আজ মুক্তি পাচ্ছে সিমলার ‘নিষিদ্ধ প্রেমের গল্প’

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৫, ২০২১, ১১:৫৩ এএম

আজ মুক্তি পাচ্ছে সিমলার ‘নিষিদ্ধ প্রেমের গল্প’

চলচ্চিত্রে সিমলার যাত্রা শুরু হয় ‘ম্যাডাম ফুলি’ দিয়ে। প্রথম সিনেমা দিয়েই সবার নজর কাড়েন এই অভিনেত্রী। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা সিমলা সর্বশেষ কাজ করেন ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ সিনেমায়। শুটিং হয়েছিল বছর সাতেক আগে। ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে দুই দফা জমা হলেও সেটি ‘প্রদর্শন অযোগ্য’ বলে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেন বোর্ড সদস্যরা।

সেই আলোচিত ছবিটি আজ (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মুক্তি পাচ্ছে ইউটিউব চ্যানেলে। এমনটাই নিশ্চিত করেন পরিচালক রুবেল আনুশ।

তিনি বলেন, “আজ ছবিটি মুক্তি পাবে। ছবিটি অবমুক্ত হবে সিনেমা কটেজ নামের ইউটিউব চ্যানেলে। ছবিটি ‘প্রেমকাহন’ নামে গত ২৭ অক্টোবর বোর্ড সদস্যরা দেখেন এবং ২ নভেম্বর নিষিদ্ধের সিদ্ধান্ত জানান। নিয়ম অনুযায়ী ৩০ দিনের মধ্যে আপিল সুবিধা থাকছে। কিন্তু সেই পথে আর যেতে চাই না। তাই ইউটিউবকেই বেছে নিয়েছি।”

সত্য ঘটনা অবলম্বনে অসম প্রেমের গল্প নিয়ে ২০১৪ সালের আগস্টে সিনেমার শুটিং শুরু হয়। এতে সিমলার সঙ্গে জুটি বেঁধেছেন ‘ঘেটুপুত্র কমলা’খ্যাত অভিনেতা মামুন। সিনেমায় ৩৮ বছর বয়সী সিমলার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন ১৮ বছরের তরুণ মামুন। এতে আরও অভিনয় করেছেন আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিনসহ অনেকে।

Link copied!