আদালতের কাঠগড়ায় কাঁদলেন পরীমনি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১০, ২০২১, ০৬:৪৬ পিএম

আদালতের কাঠগড়ায় কাঁদলেন পরীমনি

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনি ও তার সহযোগি আশরাফুল ইসলাম দীপুকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড শুনানীর সময় আদালতের কাঠগড়ায় থাকা চিত্রনায়িকা পরীমনিকে অঝোরে কাঁদতে দেখা যায়।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার মাদকের মামলায় চারদিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করে। পরে মামলার আরও তদন্তের জন্য ফের ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।  

এসময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত পরীমনিকে আরও দুইদিনের রিমান্ড আদেশ দেন।

মামলার শুনানীকালে আদালতের কাঠগড়ায় পরীমনিকে অঝোরে কাঁদতে দেখা যায়।

এ সময় পরীমনিকে দেখতে আদালতে উপচেপড়া ভিড় দেখা গেছে। রিমান্ড শুনানিকালে পরীমনিকে দেখতে এজলাসে ভিড় করেন আদালতের কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় আদালতের এক কর্মচারী পরীমনির ছবি তুলতে গেলে পুলিশ, আইনজীবী ও উপস্থিত অন্যদের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই অবশ্য পরিস্থিতি শান্ত হয়। 

পরে রিমান্ড শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় চিৎকার করে পরীমনি বলতে থাকেন, ‘আমি নির্দোষ, আমাকে ইচ্ছা করে ফাঁসানো হয়েছে। আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।’ 

এরপরই আদালতের গারদখানায় নিয়ে যাওয়া হয় নায়িকাকে। উল্লেখ্য, চিত্রনায়িকা পরীমনিকে গত ৪ আগস্ট রাতে রাজধানীর বনানীতে তার নিজ বাসা থেকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।

Link copied!