২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রবিবার প্রকাশিত এই ফলাফলে ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি জিপিএ-৩.৭৫ পেয়েছেন। তবে রিজাল্ট নিয়ে কোনোভাবেই হতাশ নন এই চিত্রনায়িকা। জানালেন তিনি এর আগেও পরীক্ষায় জিপিএ-৫ পাননি।

রবিবার তার রেজাল্ট জানিয়ে গণমাধ্যমে বলেন, তিনি জিপিএ-৩.৭৫ (এ মাইনাস) পেয়েছেন। রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন এই চিত্রনায়িকা।
এইচএসসির ফলাফল প্রসঙ্গে দীঘি বলেন, “আমি এর আগে কোনও পরীক্ষায় জিপিএ-৫ পাইনি। আমি তেমন ছাত্রী নই।”

প্রার্থনা ফারদিন দীঘি ছোটবেলায় বাবার কাছে ময়না পাখির নাম ধরে ডাকার সংলাপ বলে দেশজুড়ে সাড়া ফেলেছিলেন। সেই সাড়া এতটাই ছিল যে নিজের প্রথম ‘কাবুলিওয়ালা’ সিনেমায় অভিনয় করে ২০০৬ সালে দীঘি জিতে নিয়েছিলেন শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

দীর্ঘ ১৫ বছর পর সেই দীঘির নামের আগে ‘নায়িকা’ তকমা লেগেছে চলতি বছরের মার্চে। মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামে আরও একটি সিনেমা মুক্তি পেয়েছে দীঘির। বর্তমানে হাতে আছে বেশ কিছু সিনেমা ও ওয়েব ফিল্ম।