চিত্রনায়ক ওয়াসিমের মৃত্যুতে শোকাহত পুরো ঢালিউড অঙ্গন। ৭০ দশক এবং ৮০ দশকে একের পর এক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। বাংলাদেশের চলচ্চিত্র জগতে নায়ক ওয়াসিম ছিলেন অভিভাবক স্বরুপ। তাকে হারিয়ে শোকাতুর শিল্পাঙ্গন তাদের শোক প্রকাশ করছেন। তার শুন্যতায় নিজের আবেগ প্রকাশ করেছেন ঢালিউড কিং শাকিব খান। নিজের ফেসবুক পেজে চিত্রনায়ক ওয়াসিমকে নিয়ে শোক প্রকাশ করে অনেক কথা লিখেছেন তিনি।
সোনালি দিনে সাড়া জাগানো অভিনেতা ওয়াসিমের মৃত্যুতে আবেগ প্রকাশ করে শাকিব খান লিখছেন, ‘আবারও চলচ্চিত্রাঙ্গনে শোকের মাতম। একের পর নক্ষত্রের পতনে শূন্য হয়ে যাচ্ছে এ মাধ্যমটি। কবরী আপা চলে যাওয়ার বিষাদের মধ্যে সোনালি দিনের জনপ্রিয় নায়ক ওয়াসিম আঙ্কেল মারা গেলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন...’
শাকিব আরও লিখেছেন, ‘ফোক ফ্যান্টাসি ধারার চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ওয়াসিম আঙ্কেল ৭০-৮০ এর দশকে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ওইসব চলচ্চিত্রে অভিনয় করে নায়ক হিসেবে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছিলেন তিনি।’
অভিনেতা ওয়াসিম ছিলেন অন্যতম প্রসঙ্গে শাকিব লেখেন, ‘আজও সোনালি অতীতের চলচ্চিত্র ও তৎকালীন স্টারদের প্রসঙ্গ এলে প্রথমসারির নায়কদের কাতারে আসে ওয়াসিম আঙ্কেলের নাম। তিনি ছিলেন সুঠাম, সুদর্শন ও পরিপূর্ণ এক নায়ক।’
ওয়াসিমের মৃত্যুতে শোকাহত শাকিব শোক জানিয়ে আরও লিখেছেন, ‘বেশ কিছুদিন আগে জেনেছিলাম ওয়াসিম আঙ্কেল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। অবশেষে চলে গেলেন। তার চলে যাওয়ায় আরও এক অভিভাবক হারালো বাংলা চলচ্চিত্র। ওয়াসিম আঙ্কেলের বিদেহী আত্মার শান্তি কামনা করছি। তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহাবউদ্দিন মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কালজয়ী অভিনেতা ওয়াসিমের। গুরুতর অসুস্থ হয়ে বেশ কিছুদিন শয্যাশায়ী ছিলেন এ চিত্রনায়ক। তিনি কিডনী রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে শাকিব খানের মতোই শোকাহত পুরো শিল্পাঙ্গন।