২০২০ ও ২০২১ সালে ভারতে কভিড সংক্রমণ ও মৃত্যু ব্যাপকভাবে বাড়ায় দুই দফা লকডাউন দেওয়া হয় দেশটিতে। দীর্ঘ লকডাউনে সাধারণ মানুষ তো বটেই, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশটির চলচ্চিত্র ব্যবসাও।
সম্প্রতি বক্স অফিস বিশ্লেষকরা হিসাব করে বলেছেন, করোনার কারণে কমপক্ষে ১৫০০ কোটি রুপির ব্যাবসায়িক ক্ষতি হয়েছে বলিউডে। এবারও ফের অমিক্রনের চোখ রাঙানিতে একের পর এক স্থগিত হচ্ছে নতুন ছবির মুক্তি, স্থগিত হচ্ছে শুটিং। ভারতে প্রতিদিন নতুন সংক্রমণের সংখ্যা তিন লাখ লাখ ছুঁইছুঁই।
এমন পরিস্থিতিতে ফের লকডাউন আসছে বলে অনেকের আশঙ্কা। তবে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা অবশ্য আর লকডাউন চান না। তার মতে, কেউই আরেকটি লকডাউনের ধকল সইতে পারবে না। “লকডাউনে চলচ্চিত্র জগৎ তো বটেই, সবারই ক্ষতি হয়েছে। চাকরি, পরিবার সব ক্ষেত্রে প্রভাব পড়েছে। সব মিলিয়ে আমরা আর লকডাউনের ধকল কাটিয়ে উঠতে পারব না। তাই কভিড যাতে না ছড়ায় সবারই উচিত সে বিষয়ে সতর্ক থাকা। পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করা।”
সোনাক্ষীর বলেন, “২০২১ সালে আমি নতুন করে শুরু করেছিলাম। তিনটি কাজ শেষ করে নতুন আরেকটি শুরুর অপেক্ষায় ছিলাম। এর মধ্যেই সংক্রমণ বাড়তে শুরু করে। আশা করি, ফেব্রুয়ারিতে শুটিং করতে পারব।”