প্রায় দেড় বছর ধরে লড়াই করার পরেও করোনা থেকে রক্ষা পাচ্ছে না পুরো বিশ্ব। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হয়ে বরং ভয়ানক রুপ নিচ্ছে দিনদিন। তাই পরিস্থিতি বিবেচনা করে দেশব্যপী লকডাউন ঘোষণা করেছে সরকার। এরই মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলা নতুন আরেকটি বছর। কিন্তু লকডাউনের জন্য পহেলা বৈশাখকে ঘিরে করা হয়নি বড় কোন আয়োজন। তবে সোশ্যাল মিডিয়াতে দিনটি উদযাপন করেছেন অনেকেই। উদযাপনের বড় অংশে রয়েছে তারকারা। নিজেদের ফেসবুক, ইনস্টাগ্রামে ভক্তদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তারা। অন্যান্য তারকাদের মতো শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী জয়া আহসান। আগামী বছর নববর্ষে মহামারির গাঢ় মেঘ সবার মাথার উপর থেকে সরে যাবে বলে আশাবাদী তিনি।
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও জনপ্রিয়তা রয়েছে তার। গতকাল ১৪ এপ্রিল পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। নিজের ফেসবুক পেজে ভক্তদের জন্য শুভেচ্ছা বার্তা জানিয়ে একটি ভিডিও এবং স্ট্যাটাস শেয়ার করেছেন। সেখানে তার প্রত্যাশার কথা জানিয়েছেন তিনি।
নিজের ফেসবুক স্ট্যাটাসে জয়া লিখেছেন, ‘কোভিডের দু:সময় আমরা পার হইনি। চারদিকে বিষণ্ণতা আর মৃত্যু। কিন্তু দুঃসময়ই যে মানুষের শেষ কথা নয়, সে কথা জানাতেই তো বাংলা নববর্ষের আগমন। করোনার বিস্তারে গত বছরের নববর্ষে আমরা সংযত থেকেছি। প্রত্যাশা করেছি, পরের নববর্ষে দুর্যোগের গাঢ় মেঘ মাথার ওপর থেকে সরে যাবে। এবারে কোভিড আরও জোরেশোরে ফিরে এসেছে। কিন্তু কোভিডের কী সাধ্য, পহেলা বৈশাখের প্রাণশক্তিকে চাপা দেয়! মানুষকে পরাস্ত করা কি এতোই সহজ! কত যুদ্ধ, মন্বন্তর পেছনে ফেলেই না এত দূর এগিয়ে এসেছে মানুষ। ’
তিনি আরও লেখেন, ‘মানুষ মানে এগিয়ে যাওয়া। ঘোর অন্ধকার আসে, তাকে পেছনে ফেলে এগিয়ে চলো, সবাই হাত ধরে পহেলা বৈশাখ ঠিক এই কথাটিই সব সময় বলে এসেছে। আমরা সতর্ক আর নিরাপদ থাকব, নিজেদের সুস্থ রাখার জন্য সবকিছু করব, সবার জন্য দু’হাত বাড়িয়ে রাখব, মনকে ভরে রাখব আলোয়। নববর্ষের কচি রোদ আমাদের সবার মুখের ওপরে। দুঃসময় পেরিয়ে আমাদের এই পথ চলাতেই আনন্দ। শুভ নববর্ষ। ’