'আশীর্বাদ' নিয়ে স্বপ্ন অনেক, কিন্তু প্রযোজকের অপেশাদার আচরণে এই দ্বন্দ্ব: মাহি

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৩, ২০২২, ০৫:০২ পিএম

'আশীর্বাদ' নিয়ে স্বপ্ন অনেক, কিন্তু প্রযোজকের অপেশাদার আচরণে এই দ্বন্দ্ব: মাহি

জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের নতুন সিনেমা 'আশীর্বাদ'। সরকারি অনুদানের এই সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৯ আগস্ট। সিনেমাটিতে অভিনয় করেছেন জিয়াউল রোশান ও মাহিয়া মাহি। তবে এর মধ্যেই বিতর্কিত বিষয় নিয়ে সিনেমাটি চর্চায় উঠে এলো। সিনেমাটির প্রযোজক ও নায়ক-নায়িকার মধ্যকার দ্বন্দ্ব এখন ইন্ডাস্ট্রির আলোচিত বিষয়।

সম্প্রতি সিনেমাটির একটি সাংবাদিক সম্মেলন করেছেন প্রযোজক জেনিফার ফেরদৌস। কিন্তু সেখানে মাহি বা রোশান কাউকেই ডাকেননি তিনি। এমনকি প্রেস মিটিং হওয়ার বিষয়েও জানানো হয়নি দুই তারকাকে। তার অভিযোগ, মাহি ও রোশান সিনেমার পোস্টার ফেসবুকে শেয়ার দেননি। এ কারণে তাদের ওপর ক্ষুব্ধ হয়েছেন তিনি।

এবার প্রযোজক জেনিফারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুললেন মাহিয়া মাহি। তার দাবি, সিনেমার মুক্তির বিষয়ে তাকে কোনো তথ্যই জানানো হয়নি। মাহির ভাষ্য, “একটা সিনেমা শুধু প্রযোজকের একার না। এটা আমাদেরও। ‘আশীর্বাদ’ সরকারি অনুদানের সিনেমা। তাই আমরা শিল্পীরা অনেক কম পারিশ্রমিক নিয়েছি। কিন্তু সেই তুলনায় সম্মান পাইনি।”

মাহি জানান, সিনেমাটি ঘিরে তার অনেক স্বপ্ন ছিল। কিন্তু প্রযোজকের অপেশাদার আচরণের কারণে সব স্বপ্ন নষ্ট হয়ে গেছে। আক্ষেপ করে মাহি বললেন, ‘একটি সিনেমা আমার সন্তানের মতো, অথচ আমার চোখের সামনে সেই সন্তানটি মারা যাচ্ছে; বিষয়টি আমাদেরও তো খারাপ লাগে।’

কেবল মাহি নন, এই প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ করেছেন নায়ক রোশানও। তিনি বলেছেন, ‘উনি অপেশাদার প্রযোজক, শুটিংয়ে খাবার ও পানিটাও তালা দিয়ে রাখতেন। ঠিকমতো খেতে পর্যন্ত দেননি।’

প্রসঙ্গত, ২০১৯–২০ অর্থবছরে সরকারি অনুদানে পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্রকে অনুদান দেয়া হয়েছে। এগুলোর মধ্যে 'আশীর্বাদ' এক‌টি। এ ছ‌বি‌টির প্রযোজক হিসেবে আছেন জেনিফার ফেরদৌস। প্রযোজনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।  এতে রোশান ও মাহি ছাড়া আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, শাহনূর, সীমান্ত প্রমুখ।

Link copied!