ঈদের ছবি : প্রচারণায় শুধু ‘দিন দ্য ডে’

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৫, ২০২২, ০৯:২৭ পিএম

ঈদের ছবি : প্রচারণায় শুধু ‘দিন দ্য ডে’

ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। প্রতি বছর ঈদ উপলক্ষে সিনেপাড়ায় সিনেমা মুক্তি নিয়েও উৎসবে মাতার রেওয়াজ রয়েছে। বাংলা চলচ্চিত্রের দর্শক অনেকটাই ঈদ নির্ভর অর্থাৎ ঈদ আসবে আর বাংলার দর্শক সিনেমা হলে যাবে না তা কি আর হয়! এবারও সেই তালিকায় রয়েছে তিনটি সিনেমা। সবচেয়ে বেশি আলোচনায় যে সিনেমাটি তা হলো 'দিন দ্য ডে', এরপরের তালিকায় রায়হান রাফির 'পরাণ' ও অনন্য মামুনের ‘সাইকো’। 

আলোচনা ও প্রচারণায় 'দিন দ্য ডে'

অ্যাকশন থ্রিলার সিনেমা ‘দিন দ্য ডে’ সিনেমাটির পোষ্টার, গান এবং ট্রেলার আর অভিনব প্রচারণায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বাড়িয়ে তুলছে দর্শক আগ্রহ। ছবিটির প্রচারণায় বিশ্ববিদ্যালয়, সিএনজি, অটোরিকশা, বাস’সহ বিভিন্ন যানবাহন দেখা যাচ্ছে ‘দিন দ্য ডে’ সিনেমার পোস্টার। অনন্ত জলিলের ব্যতিক্রমী এই প্রচারণা রীতিমতো নজর কেড়েছে অনেকের । তাই এখন দেখার পালা সিনেমাটি কতোটা দর্শকপ্রিয়তা পাবে। 

উল্লেখ্য, বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনায় ১০০ কোটি টাকার বাজেটের সিনেমা 'দিন দ্য ডে'।  অনন্ত জলিল ও বর্ষা অভিনীত এই সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশজমজম। সিনেমাটি আসন্ন ঈদুল আজহায় দেশের ১৫০-র বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে দ্য রিপোর্টকে জানান প্রযোজক- চিত্রনায়ক। 

ওটিটি টার্গেট করে ‘সাইকো’ 

কিছুদিন আগেই অনন্য মামুনের 'অমানুষ' সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটি নিয়ে ব্যাপক প্রচারণা ছিলো। এরপরই হঠাৎ ঘোষণা আসে এই ঈদে মুক্তি পাচ্ছে ‘সাইকো’সিনেমাটি।  সিনেমাটি ঈদে হলে মুক্তি পাবে। এরপর আসবে ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে। দুই বছর আগে এ সিনেমার শুটিং করেছেন পরিচালক অনন্য মামুন। সিনেমার নায়ক-নায়িকা জিয়াউল রোশান ও পূজা চেরি। এটি একটি ব্যতিক্রমধর্মী গল্প নিয়ে তৈরি হয়েছে বলে জানিয়েছেন পরিচালক। তবে গল্প নিয়ে বেশি কিছু বলতে রাজি হননি তিনি।

সিনেমাটি সেন্সরে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অনন্য মামুন। ঈদে মুক্তির বিষয়ে নিশ্চয়তাও দিয়েছেন তিনি। তবে সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়া তেমন প্রচরণা দেখা যায়নি। এ সিনেমার মাধ্যমে প্রথমবার পর্দায় জুটি বাঁধছেন পূজা চেরী ও জিয়াউল রোশান। সিনেমাটি নিয়ে আশাবাদী নায়িকা পূজা চেরী। তিনি জানান, অনেক যত্ন নিয়ে সিনেমাটি তৈরি করেছেন অনন্য মামুন ভাই। সিনেমাটির গল্প গতানুগতিক নয়, তাই এটির সফলতা নিয়ে আমি আশাবাদী। এ ছাড়া আমাকেও নতুন ধরনের একটি চরিত্রে দর্শক দেখতে পাবেন।

তিন বছর পর ঈদ উৎসবে মুক্তি পাচ্ছে জিয়াউল রোশানের ছবি। এ নিয়ে রোশান বলেন,‘সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার শুরু করেছি। তবে প্রচার নিয়ে প্রযোজকের একটা পরিকল্পনা আছে। দু-এক দিনের মধ্যে সেই পরিকল্পনা অনুযায়ী মাঠে নামব আমরা’।

এই সিনেমাটি ৬০টি হলে মুক্তি দেওয়া হবে বলে জানা যায়। ‘সাইকো’ প্রযোজনা করছেন সেলেব্রেটি প্রডাকশন। রোশান-পূজা ছাড়াও অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, রোজি সিদ্দিকী প্রমুখ। বাংলাদেশ ছাড়াও শুটিং হয়েছে নেপালে।

'পরাণ' নিয়ে আশাবাদী দর্শক মহল 

রায়হান রাফি পরিচালিত 'পরাণ' ছবিটি  ঈদুল আজহায় মুক্তিতে কোনো বাঁধা নেই। সবার পরে সেন্সর পেলেও ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। হৃদয়স্পর্শী ত্রিভুজ প্রেমের গল্পের ছবি ‘পরাণ’। এতে নায়িকা বিদ্যা সিনহা মিমের বিপরীতে আছেন ২ নায়ক শরীফুল রাজ ও ইয়াশ রোহান। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ছবিটির গান ‘চলো নিরালায়’ মুক্তির পরই দর্শক-শ্রোতারা ইতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন। সাধারণ মানুষের পাশাপাশি সংগীতাঙ্গনের শিল্পীরাও এর প্রশংসা করেছেন। এরপর মুক্তি পায় 'জ্বলে রে পরাণ' গানটি। এই গানটিও দর্শক প্রশংসা পেয়েছে।

পরাণ' ছবিটি দিয়ে চার বছর পর ঈদে দর্শকের সামনে আসছেন বিদ্যা সিনহা মিম। সিনেমাটি দর্শকের মন ভরাবে বলে জানান এই নায়িকা। তিনি বলেন, দর্শক পর্দায় ভালো একটি গল্প দেখতে চায়। এটি তেমনই গল্পের ছবি। এখানে আমার চরিত্র মফস্বলের এক মেয়ের। এটি চেনাজানা চরিত্র। যে জন্য এ চরিত্রটির সঙ্গে একেবারে মিশে গিয়েছিলাম। দৃশ্যধারণের সময় মনে হতো, মাত্র কলেজ থেকে ফিরছি। ছবিটি দর্শককে ভাবাবে, কাঁদাবে। ডাবিংয়ের সময় ছবির মিনিট দুয়েকের ছোট্ট একটি দৃশ্য দেখে আমি কেঁদেছি। ছবিটি নিয়ে অনেক কষ্ট করেছি। কষ্ট সার্থক হবে যদি দর্শক ছবিটি দেখেন। সব মিলিয়ে এটি দর্শকের মন ভরাবে বলে আশা করছি। 

চূড়ান্ত এই সিনেমাগুলো বাদে ঈদে আরও কিছু সিনেমা মুক্তির আওয়াজ দিয়েছিল। এর মধ্যে বহুল প্রতিক্ষীত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। দীপংকর দীপন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন  রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান সহ একঝাঁকা তারকা শিল্পী। সিনেমাটি কয়েকবার মুক্তির ঘোষণা দিয়েও করোনার কারণে পেছানো হয়। এই ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে আসার কথা থাকলেও অনির্দিষ্ট কারণে মুক্তির সম্ভাবনা নেই বলে জানান সিনেমা সংশ্লিষ্টরা।

মুক্তি পাচ্ছে না শাকিব খানের কোন ছবি

মুক্তির কথা ছিলো শাকিব খান ও কলকাতার দর্শনা বণিক অভিনীত ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ নামে একটি সিনেমাটি। ‘অন্তরাত্মা’ শুটিং শেষ হলেও আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে না ছবিটি। প্রযোজকের ইচ্ছেতেই মুক্তি পাচ্ছে না ছবিটি। এ নিয়ে প্রযোজক সোহানী হোসেন বলেন, ''আমি মনে করি, শাকিব খানের ছবি মুক্তি দিতে ঈদ লাগে না। শাকিব থাকলে ছবি যে কোনো সময় মুক্তি দিলে হিট! তাই ঈদ ছাড়া মুক্তি দিলেও ছবি হিট হবে, এটা আমার বিশ্বাস।''

শাকিব খান অভিনীত আরেকটি সিনেমা মুক্তির কথা ছিলো। সিনেমাটি হলো ‘লিডার : আমি বাংলাদেশ’। তপু খান পরিচালিত সিনেমাটি অনেক আগেই মুক্তির কথা জানিয়েছিলেন পরিচালক। কিন্তু সিনেমাটির গানের শুটিংই শেষ হয়নি। তাই মুক্তির প্রক্রিয়ায় সেটি এখন আর নেই বলে জানা গেছে।  

প্রতিযোগীতা থেকে সরে গেল বসন্ত বিকেল

নবাগত নায়িকা শাহ হুমায়রা সুবহা ও শিপন মিত্র অভিনীত ‘বসন্ত বিকেল’ সিনেমাটি মুক্তির কথা ছিলো অনেক আগেই। রফিক শিকদারের পরিচালনায় তিনজন মানুষের স্বপ্ন, হতাশা ও হাহাকারের গল্প নিয়ে নির্মিত এই সিনেমাটি আনকাট সেন্সর সনদ পেয়েছে। মুক্তির তারিখ দিলেও তা বারবার পেছানো হয়েছে। এই ঈদে মুক্তি না পাওয়ার কারণ হিসেবে দ্য রিপোর্টকে পরিচালক রফিক শিকদার বলেন, কিছু জটিলতা এবং আমি শারীরিক ভাবে অসুস্থ থাকায় ছবিটি মুক্তির পেছনে সময় দিতে পারিনি। তবে এই ঈদে মুক্তি না পেলেও খুব শীঘ্রই মুক্তি দেওয়া হবে ছবিটি।

এবারের ঈদে মুক্তি পাওয়া তিনটি ছবি দর্শকের প্রত্যাশা মেটাবে বলেই ধারণা করছেন চলচ্চিত্রপ্রেমীরা। সেই সাথে অনেকটাই প্রত্যাশী হল মালিকরাও কেননা বাংলা চলচ্চিত্রের ব্যবসা অনেকটাই ঈদ নির্ভর। তবে হতাশা শাকিব খানের সিনেমাহীন ঈদ নিয়ে। শাকিব ভক্তরা কতোটা হলমুখী হবে তা নিয়ে শঙ্কিত।

Link copied!