পুরো ভারত জুড়ে করোনার ত্রাশ চলছে। তাই চলতি বছরের শুরুতে কিছু সিনেমা থিয়েটারে মুক্তি পেলেও তেমন কোন সাড়া ফেলতে পারেনি বক্সঅফিসে। এরপর শুরু হয়ে গেল লকডাউন। ফলে সিনেমাপ্রেমীরা তেমন ভাবে কোন সিনেমা উপভোগ করার সুযোগ পায়নি। তবে এই সিনেমাপ্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছে সালমান খান। বহুল প্রতীক্ষিত এবং সালমান অভিনীত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমাটি থিয়েটারে মুক্তি পাবে ঈদে।
বলিউডের ভাইজান সালমান খান। তার সিনেমার নাম উঠলেই ভক্তরা অধীর আগ্রহী হয়ে থাকে। প্রতি বছরই তিনি ভক্তদের সুপারহিট সিনেমা উপহার দিয়ে থাকে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গতবছর কোন সিনেমা মুক্তি পায়নি তার। তাই পর্দায় তাকে দেখার জন্য ভক্তরা অপেক্ষায় রয়েছে। সে অপেক্ষা শেষ করছে ‘রাধে’। সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ১৩ মে ঈদে মুক্তি পাবে সিনেমাটি। থিয়েটারের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেইলার। সেখানে ভিন্ন রুপে দেখা মিলেছে সালমানের। ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ পরিচালনার দায়িত্বে আছেন প্রভুদেবা। ছবিতে সালমান ছাড়াও দিশা পাটানি, রণদীপ হুডা ও জ্যাকি শ্রফ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
জানা গেছে, ‘রাধে’-র ডিজিট্যাল রাইট কিনেছে জি-৫। জি-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমা হলের সঙ্গে একই দিনে ওটিটিতে রিলিজ করলেও টাকা দিয়েই ওটিটিতে দেখতে হবে ‘রাধে’। জি-৫ এর সাবস্ক্রিপশন থাকলেও বিনা পয়সায় ‘রাধে’ দেখা যাবে না। ছবিটি স্ট্রিমিং করবে জিপ্লেক্স-এ। একটি নির্দিষ্ট মূল্যের টাকা দিয়েই বাড়ি বসে দেখা যাবে ‘রাধে’। তবে সেই টাকার পরিমাণ কত তা এখনও জি-এর পক্ষ থেকে জানায়নি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই মাল্টি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিনেমাটি।
ইতিমধ্যেই ‘বান্টি অউর বাবলি ২’, ‘থালাইভি’, ‘সূর্যবংশী’-র মত ‘বিগ টিকিট মুভি’গুলোর রিলিজ পিছিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে বিপদের মুখে পড়েছেন হল মালিকরা। সিনেমা রিলিজ না করলে হলগুলো চালানো মুশকিল। হল মালিকদের কথা মাথায় রেখে সালমান খান বলেছিলেন ১৩ মে,ঈদে সিনেমা হলেই তিনি তার নতুন ছবি ‘রাধে’-র রিলিজ করবেন। সকল স্বাস্থ্যবিধি ও প্রোটোকল মেনেই মুক্তি পাবে এই সিনেমাটি।