উপস্থাপনায় ফের নুসরাত ফারিয়া

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১২, ২০২১, ১২:১৩ পিএম

উপস্থাপনায় ফের নুসরাত ফারিয়া

বর্তমানে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। সমানভাবে অভিনয় করে যাচ্ছেন দুই বাংলায়। প্রায়ই তাকে অলরাউন্ডার অভিনেত্রী বলা হয়। কারন অভিনয়ের সাথে নাচ, গান, উপস্থাপনা সব কিছুতেই দক্ষ তিনি। উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেত্রী আবার ফিরেছেন উপস্থাপনায়।

সেরা ঢালিউড অভিনেত্রীর মধ্যে নুসরাত ফারিয়া অন্যতম। তবে তার ক্যারিয়ার শুরু হয়েছিল মূলত উপস্থাপনা দিয়ে। এরপর যৌথ-প্রযোজনায় নির্মিত ‘আশিকী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। বাংলাদেশের পাশাপাশি কলকাতাতেও রয়েছে তার সমান জনপ্রিয়তা। সেখানের চলচ্চিত্রেও অভিনয় করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তিনি এখন গায়িকা হিসেবেও পরিচিত। তবে দীর্ঘদিনের বিরতির পর তিনি আবারও ফিরেছেন উপস্থাপনায়। অনুষ্ঠানটির নাম ‘কুইক রেসিপি’। সম্প্রতি বনানীর একটি রেস্টুরেন্টে ‘কুইক রেসিপি’ অনুষ্ঠানটির শুটিং শেষ করেছেন ফারিয়া। জানা গেছে নুসরাত ফারিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রথম রমজান থেকে শেষ রমজান পর্যন্ত একসঙ্গে দেশের চারটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।

দীর্ঘদিন পর টিভি অনুষ্ঠান উপস্থাপনা প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, 'করোনা সংক্রমণ ফের বাড়ায় সিনেমার কাজ সব বন্ধ। তাই দীর্ঘদিন পর উপস্থাপনা ফেরার সুযোগ হলো। তাছাড়াও ভিন্ন মাত্রার অনুষ্ঠান এটি। রান্নাবান্না নিয়ে৷ প্রতি পর্বে আমার সাথে থাকবে একজন শেফ। পুরো রমজান মাসজুড়ে প্রচার হবে। আশা করছি ভালো রেসপন্স পাবো।'

উল্লেখ্য, সর্বশেষ মুক্তি পেয়েছে নুসরাত ফারিয়া অভিনীত সিনেমা ‘যদি কিন্তু তবুও’। সিনেমাটি মুক্তি পেয়েছে ভারতীয় অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম জি ফাইভে। শিহাব শাহীন পরিচালিত এই সিনেমায় ফারিয়ার বিপরীতে অভিনয় করছেন অপূর্ব। আজকাল নুসরাত ফারিয়া চলচ্চিত্র অভিনয়েই বেশি মনযোগী। তবে আপাতত করোনার কারণে ঘরবন্দী রয়েছেন তিনি। আর নতুন সিনেমার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে, বাংলাদেশ-ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমার কাজ শেষ করেছেন ফারিয়া। ‘বঙ্গবন্ধু’ সিনেমাটি পরিচালনা করছেন ভারতের পরিচালক শ্যাম বেনেগাল। সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া।

অন্যদিকে, দীপঙ্কর দীপন পরিচালিত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটির শেষ করেছেন ফারিয়া। বর্তমানে মুক্তির অপেক্ষা রয়েছে সিনেমাটি। এছাড়াও তার হাতে ‘ঢাকা ২০৪০’সহ কলকাতার বেশ কয়েকটি সিনেমা রয়েছে। করোনা সংক্রমণ কমলে আবার এসব সিনেমার শুটিংয়ে ফিরবেন তিনি।

Link copied!