ঋষি কাপুরের শেষ ছবি ‘শর্মাজি নামকিন’ মুক্তি পাচ্ছে

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৯, ২০২২, ০৬:৫৮ পিএম

ঋষি কাপুরের শেষ ছবি  ‘শর্মাজি নামকিন’ মুক্তি পাচ্ছে

অবশেষে মুক্তি পাচ্ছে প্রয়াত বলিউড তারকা ঋষি কাপুর অভিনীত শেষ ছবি ‘শর্মাজি নামকিন’। বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে, হিতেশ ভাটিয়া পরিচালিত ‘শর্মাজি নামকিন’ সিনেমাটি ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ৩১ মার্চ।

ঋষি কাপুর ‘শর্মাজি নামকিন’ ছবিটির কাজ শেষ করে যেতে পারেননি। অভিনয় শেষ করার আগেই মৃত্যু হয় তাঁর। ঋষি কাপুরের মৃত্যুর পর তাঁর চরিত্রে অভিনয় করেন পরেশ রাওয়াল। ঋষি কাপুর, পরেশ রাওয়াল ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন জুহি চাওলা।

প্রয়াত অভিনেতা ঋষি কাপুরের জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর শেষ অভিনীত ছবির ফার্স্টলুক প্রকাশ করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছিল প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেনমেন্ট। ছবিটির প্রধান অভিনেত্রী জুহি চাওলা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টার শেয়ার করে লেখেন, ‘এই তো আমাদের শর্মাজি চলে এসেছে, আমাদের জীবনকে খুশিতে ভরিয়ে দিতে।’

Link copied!