ডিসেম্বর ৩০, ২০২১, ১০:০৬ পিএম
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা তমা মির্জাকে ডিভোর্স দিয়েছেন স্বামী হিশাম চিশতি। গত ৭ সেপ্টেম্বর আইনজীবীর মাধ্যমে স্ত্রীকে নোটিশ পাঠান। নিয়ম অনুযায়ী তিনমাস পর গত ৭ ডিসেম্বর তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে।
এ প্রসঙ্গে গণমাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা বলেন, “এ বিষয়টা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। এ নিয়ে কথা বলতে চাইনি। সত্যি কথা বলতে আমরা দুজন অনেক চেষ্টা করেছি একসঙ্গে থাকার। কিন্তু পেরে উঠিনি। তাই পারিবারিক জায়গা থেকে দুজনে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি আলাদা হওয়ার।”

২০১০ সালে ‘বলো না তুমি আমার’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে রুপালি পর্দায় অভিষেক হওয়া তমা মির্জা আরও বলেন, “আমরা অফিসিয়ালি বিষয়টি জানাতে আরও সময় নিতে চেয়েছিলাম। যেহেতু সবাই জেনেছে তাই এ নিয়ে আর জল ঘোলা না হোক। তবে বিচ্ছেদ হলেও আমরা নিজেদের মধ্যকার সম্পর্কটাকে সম্মানের জায়গা রাখব।”
অপরদিকে, রায়হান রাফি পরিচালিত ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্ম দিয়ে আলোচিত হওয়া তমা মির্জার সাবেক স্বামী হিশাম গণমাধ্যমকে বলেন, “বিয়ের পর থেকে বেশ কিছু ঝামেলা তৈরি হয়েছে। সেসব মামলা পর্যন্ত গড়িয়েছে। আমি আর এসব সহ্য করতে পারছি না। আমার পরিবার আছে, পারিবারিক সম্মান আছে। সবকিছু বিবেচনা করে চলতি বছরের মে মাসের ৩ তারিখ সাক্ষীদের সামনে রেখে আপসনামা স্বাক্ষরের মাধ্যমে আমরা দুজনই সব মামলা উঠিয়ে নিই। এরপর ডিভোর্সের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। ৭ সেপ্টেম্বর তাকে ডিভোর্স নোটিশ পাঠিয়েছি। আইন অনুযায়ী তিন মাসের মধ্যে সব সম্পর্কের জটিলতার নিষ্পত্তি ঘটে গেছে।”
হিশাম চিশতি আরও বলেন, “তার (তমা মির্জা) জন্য আমার শুভকামনা রইল। আমি শান্তিতে আছি, থাকতে চাই।”
কানাডা প্রবাসী হিশাম চিশতির সঙ্গে পরিচয়ের ৭ মাসের মাথায় তাকে বিয়ে করেন এই চিত্রনায়িকা। ২০১৯ সালের ৯ মার্চ তাদের বাদগানের পর ৭ মে পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কিন্তু বছর না যেতেই মনমালিন্য শুরু হয়।