একসাথে সিনেমায় নিরব-মিথিলা

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৩, ২০২১, ১২:৪০ পিএম

একসাথে সিনেমায় নিরব-মিথিলা

এবার একসাথে জুটি বাঁধছেন নিরব-মিথিলা। অনন্য মামুনের পরিচালিত ‘অমানুষ সিনেমায় দেখা মিলবে তাদের। এই ছবির মধ্য দিয়েই বড়পর্দায় প্রথমবারের মতো পা রাখছেন রশিদ মিথিলা। বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেতা নিরব হোসাইন। এই সপ্তাহেই একসাথে সিনেমায় কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তারা।

এক যুগেরও বেশি সময় ধরে তাদের বন্ধুত্ব। এর আগে ম্যাগাজিনের ফটোশ্যুট এবং বিজ্ঞাপনের জন্য একসাথে কাজ করেছেন তারা। কিন্তু অভিনয়ের দিক থেকে এই সিনেমাই প্রথম। সিনেমা বিষয়ে নির্মাতা জানিয়েছেন আগামীকাল ২৪ মার্চ থেকে ঢাকায় শুরু হবে সিনেমার শ্যুটিং। পরে এপ্রিল মাস থেকে বান্দরবানের বিভিন্ন স্পটে চলবে শ্যুটিং। এছাড়াও সবকছু ঠিক থাকলে এই বছরেই মুক্তি পাবে সিনেমাটি। ‘অমানুষ’ সিনেমায় নিরব-মিথিলা ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন রাশেদ মামুন অপু, নওশাবা সহ প্রমুখ।

সুন্দরবনের জলদস্যু ও সুন্দরবনের বায়োডাইভার্সিটিকে উপজীব্য করে এই চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। এ বিষয়ে অভিনেত্রী মিথিলা বলেছেন, ‘শুধু গল্প নয়, সামগ্রিক আয়োজন ও পরিকল্পনা শুনে মুগ্ধ হয়েছি। তাই খুব আগ্রহ নিয়েই কাজটি করতে যাচ্ছি। সিনেমা অনেক বড় একটি ক্যানভাসের জায়গা। এখানে কাজ করতে হলে আলাদা প্রস্তুতি লাগে মানসিকভাবেও এখন আমি সিনেমার জন্য পুরোপুরি প্রস্তুত। অপরদিকে অভিনেতা নিরব জানিয়েছেন, ‘অমানুষ-এর গল্প নিয়ে অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে। এক কথায় অসাধারণ একটি গল্প। এতে নায়িকা হিসেবে থাকছেন আমার বন্ধু মিথিলা। ওর সঙ্গে আমার এক যুগের বন্ধুত্ব। এবার সেই বন্ধুত্বটা দেখা যাবে সিনেমার পর্দায়। সব মিলিয়ে দারুণ একটি কাজ দর্শকদের উপহার দিতে পারবো বলে আশা করি।

Link copied!