জুলাই ২৫, ২০২২, ১০:৩২ পিএম
বলিউড অভিনেতা রণবীর সিংহের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার ঢাকাই চলচ্চিত্রের এক অভিনেতা পোশাকবিহীন ফটোশুট করে আলোচনার জন্ম দিলেন। বলিউডের রণবীর সিং যেমন কৌশলে নিজের লজ্জাস্থান আড়াল করেছেন, তেমনি বাংলাদেশি এই অভিনেতা রশি দিয়ে নিজের লজ্জাস্থান আড়াল করেছেন।
অভিনেতার নাম শ্রাবণ শাহ, যিনি 'আপন মানুষ' নামের চলচ্চিত্রে নায়িকা পরীমনির সঙ্গেও অভিনয় করেছেন।
বলিউড অভিনেতা রণবীর সিংয়ের মতো ফটোশুট করেনে বলে গত ২৩ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে স্ট্যাটাস দেন তিনি।
স্ট্যাটাসে শ্রাবণ শাহ লিখেন, ‘এক বছর আগেই আমি এই ফটোশুট করেছি কিন্তু প্রকাশ করতে পারিনি। কারণ এ ধরনের ছবি আমাদের এখানে ভালো চোখে গ্রহণ করার মতো না। বিভিন্ন দেশে শরীরের নিরীক্ষণধর্মী ফটোশুট হলেও আমাদের এখানে সেটা বিরল।’
মুনতাসীর মামুনের গল্প অবলম্বনে স্বনামধন্য পরিচালক কাজী হায়াতের পরিচালনায় সরকারি অনুদানের সিনেমা 'জয় বাংলা'তেও অভিনয় করেছেন এই অভিনেতা। এর আগে ‘আপন মানুষ’, ‘অশান্ত মেয়ে’, ‘দাবাং’সহ বেশ কয়েকটি সিনেমায় তাকে দেখা গেছে।
এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত 'হুরমতি', 'মানুষ কেন অমানুষ' এবং 'বাংলার হারকিউলিস' সিনেমাগুলা। চলচ্চিত্রের পাশাপাশি তিনি স্টেজ শো করেন।
প্রসঙ্গত, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক জনপ্রিয় 'পেপার’ ম্যাগাজিনের জন্য সাহসী কভার শ্যুট করে নেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। অভিনেতার ন্যুড ফটোশ্যুটের ছবি গত বৃহস্পতিবার রাত থেকে আগুনের মতো ছড়িয়ে পড়ে সোশ্য়াল মিডিয়ায়। একাধিক মিমও ছড়িয়েছে ওই ছবিগুলি ঘিরে।
মার্কিন মুল্লুকের ওই নামকরা ম্যাগাজিনের কভারের জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে পোজ দিয়েছেন তিনি। দুটি ছবিতে অন্তর্বাস পরে পোজ দিয়েছেন তিনি। আর অন্য দুটি ছবিতে অভিনেতা সম্পূর্ণ নগ্ন।