এত নিখুঁত অনবদ্য অভিনয় বহুদিন দেখিনি: ব্যারিস্টার রুমিন ফারহানা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৩, ২০২২, ০১:৫৭ পিএম

এত নিখুঁত অনবদ্য অভিনয় বহুদিন দেখিনি: ব্যারিস্টার রুমিন ফারহানা

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হাওয়া’ চলচ্চিত্রের অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়, মেকিং ও কাহিনীর প্রশংসা করেছেন বিএনপির দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

গতকাল শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া পোস্টে এমনই মন্তব্য করেছেন জাতীয় সংসদে বিভিন্ন ইস্যুতে ‘ঝড় তোলা’ বক্তব্য দিয়ে আলোচনায় আসা এই সংসদ সদস্য।

সিনেমাটি নিয়ে শুক্রবার (১২ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

‘হাওয়া‘ চলচ্চিত্রটি দেখে ফেসবুহ পোস্টে তিনি লিখেছেন, “ ‘হাওয়া’ দেখতে গিয়ে প্রতি মুহূর্ত মনে হয়েছে এত নিখুঁত অনবদ্য অভিনয় বহুদিন দেখিনি, বিশেষ করে চঞ্চল চৌধুরী। মেকিংও দারুণ। তবে কাহিনির শেষটা মনে পড়িয়ে দিয়েছে ছোটবেলায় দেখা ‘হীরামনের’ কথা।”

‘হাওয়া’ চলচ্চিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান ও বাবলু বোস।

প্রযোজনা প্রতিষ্ঠান থেকে জানা গেছে, শনিবার (১৩ আগস্ট) ‘হাওয়া’ মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ায়। এ ছাড়া ২ সেপ্টেম্বর মুক্তি পাবে মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার হলগুলোতে।

Link copied!