এবার ঘরে বসেই দেখা যাবে আন্তজার্তিকভাবে আলোচিত সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাপ্রেমীদের জন্য এই সুযোগ করে দিচ্ছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘চরকি’। ৩০ ডিসেম্বর সিনেমাটির প্রথম অনলাইন যাত্রা শুরু হবে।
দেশের যেকোনো স্থান থেকে সিনেমাটি খুব সহজেই দেখা যাবে। সিনেমাটির চরকিতে মুক্তি উপলক্ষে আজ (১৯ ডিসেম্বর) ঢাকার একটি অভিজাত রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গত নভেম্বরের ১২ তারিখে ‘রেহানা’ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তারপরও দেশের বেশ কিছু জেলার দর্শক এখনো সিনেমাটি দেখতে পারেননি।
অনেকে একবার দেখে আবারও দেখতে চেয়েছেন উল্লেখ করে সিনেমাটির রেহানা চরিত্রের অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, “রেহানা নিয়ে এখনো দারুণ সাড়া পাচ্ছি। এখন আমার আরও ভালো লাগছে আমাদের ‘রেহানা’ চরকির মতো একটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে। চরকির কথা আমি একটু আলাদা করে বলব, কারণ আমাদের আর এমন কোনো প্ল্যাটফর্ম নাই, যেখানে সবকিছুই আমাদের বা আমি যে রকম স্বাদের কনটেন্ট দেখতে চাই, তেমন কিছু দেখতে পাব। সেখানে চরকিতে ‘রেহানা’র মুক্তিতে দারুণ আশাবাদী আমি। সিনেমার অনেক দর্শক আমাকে জানিয়েছেন বারবার সিনেমাটি দেখতে ইচ্ছে করে। তারা এবং যারা দেখতে পারেননি তারা পরিবার নিয়ে ঘরে বসেই বারবার সিনেমাটি চরকিতে দেখুন।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রেহানার অন্যতম নির্বাহী প্রযোজক এহসানুল হক, রেহানার শিশু চরিত্রের অভিনেত্রী আফিয়া জাহিন জায়মা, ইয়াছির আল হকসহ অন্যান্য অভিনয়শিল্পী ও কলাকুশলী। তবে সিনেমার নির্মাতা আবদুল্লাহ মোহম্মদ সাদ উপস্থিত ছিলেন না।