অনন্য মামুন পরিচালিত 'রেডিও' সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন রিয়াজ ও জাকিয়া বারী মম। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক।
অনন্য মামুন বলেন, “মুক্তিযুদ্ধের সময়ে মানুষের জাগরণের গল্প নিয়ে "রেডিও" সিনেমার গল্প রচিত হয়েছে। ১৯৭১ সালের ৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শোনাকে কেন্দ্র করে একটি গ্রামের কিছু মানুষের ঘটনা নিয়ে এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে। এই সিনেমায় অভিনয় করার জন্য আগামীকাল রোববার রিয়াজ ও মম চুক্তিবদ্ধ হবেন। আশা করি ভালো একটা কিছু হবে।”
এ বিষয়ে রিয়াজ বলেন, “আমার সঙ্গে পরিচালকের প্রাথমিক কথা হয়েছে। আগামীকাল রবিবার বিস্তারিত কথা হবে, তখন সবটুকু বলতে পারব। তার আগে কিছুই বলতে পারছি না।”