এবার বলিউডে নওয়াজুদ্দিন সিদ্দিকির বিপরীতে জয়া

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২১, ১০:২৫ এএম

এবার বলিউডে নওয়াজুদ্দিন সিদ্দিকির বিপরীতে জয়া

ঢালিউড, টলিউড জয় করে জয়া আহসান এবার পা ফেলছেন বলিউডেও! তার বিপরীতে থাকছেন বলিউডের মাস্টারপিস অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকিকে। বুধবার (১৫ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এতথ্য জানা যায়।

নির্মাতা সায়ন্তন মুখোপাধ্যায় আনন্দবাজারকে জানান, আগামী বছরের পুজোর আগে তিনি ক্যামেরাবন্দি করবেন তার প্রথম রাজনৈতিক ওয়েব সিরিজ। নাম ঠিক না হওয়া এই ওয়েব সিরিজের পটভূমিকায় ১৯৬৭-র নকশালবাড়ি আন্দোলন। তৎকালীন বিতর্কিত পুলিশ অফিসার রুণু গুহ নিয়োগীর লেখা ‘সাদা আমি কালো আমি’ উপন্যাস অবলম্বনে বাংলা, হিন্দি, ইংরেজি তিনটি ভাষায় তৈরি হতে চলেছে এই সিরিজ। সায়ন্তনের জানান, ‘এখানেই চারু মজুমদার হবেন নওয়াজ। আর জয়া আহসান তার স্ত্রী লীলা মজুমদারের ভূমিকায় অভিনয় করবেন।’

এই ধারার সিরিজ নির্মাণ প্রসঙ্গে সায়ন্তন বলেন, ‘মুম্বাইয়ের পটভূমিকায় যদি ‘সেক্রেড গেমস’ বা উত্তরপ্রদেশকে নিয়ে ‘মির্জাপুর’ সিরিজ তৈরি হতে পারে তাহলে বাংলাই বা পিছিয়ে থাকবে কেন? পশ্চিমবঙ্গের আন্দোলনের ইতিহাসও তুলে ধরার সময় এসেছে। সেই জায়গা থেকেই আমার এই উপন্যাস নির্বাচন।’

গত দেড় বছর ধরে এই সিরিজের চিত্রনাট্যের প্রাথমিক খসড়া তৈরি করেছেন পরিচালক। তাকে সাহায্য করেছেন ‘অন্ধাধুন’ ছবির লেখক অরিজিৎ বিশ্বাস।

তিনটি পর্বে দেখানো হবে এই সিরিজ। প্রথম পর্বে থাকবে ১৯৪৭-১৯৭২ সাল।১৯৭২-১৯৯০ পর্যন্ত উঠে আসবে দ্বিতীয় পর্বে। শেষ পর্বে থাকবে ১৯৯০ থেকে বর্তমান প্রেক্ষাপট। কলকাতা, মুম্বাই, কেরালা, অন্ধ্রপ্রদেশের পাশাপাশি চীন, রাশিয়াতেও ছবির শুটিং করার পরিকল্পনা রয়েছে নির্মাতার। 

এদিকে চলতি বছরেই পূজার পর মুক্তি পাবে জয়া-সায়ন্তনের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝরা পালক’। জীবনানন্দ দাশের জীবন নিয়ে তৈরি এই ছবিতে কবির স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। পরিচালকের ভাষায়, ‘আমার জয়া-যোগ তখন থেকেই। এই ছবির কাজের সময় জয়া আমাকে অনুরোধ করেছিলেন, জাতীয় স্তরের কাজে তাকে সুযোগ দেওয়ার জন্য। সেই জায়গা থেকেই লীলা মজুমদারের চরিত্রের জন্য বলতেই এক কথায় রাজি হন তিনি।’

অন্যদিকে কলকাতায় গত ১৯ আগস্ট মুক্তি পেয়েছে জয়া আহসানের ছবি ‘বিনিসুতোয়’। অতনু ঘোষের নির্মাণে এতে জয়ার সহ-অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ছবিটি মুক্তির পর সমালোচক প্রশংসা ভালোই জুটছে জয়ার পক্ষে।

Link copied!