মে ৩, ২০২৩, ০৬:০৪ পিএম
যার গানের ভক্ত রয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। সেই জনপ্রিয় সুরকারকে মঞ্চে উঠে আঙুল দেখিয়ে মঞ্চ ছাড়ার নির্দেশ দেয় পুলিশ। এমনি এক ঘটনা ঘটে গেল অস্কার জয়ী সুরকার এ আর রহমানের সাথে।
সম্প্রতি ভারতের পুনেতে মঞ্চে গান গাইছিলেন দু’বারের অস্কারজয়ী সুরকার এ আর রহমান। কিন্তু হঠাৎ করেই সব বানচাল করে দিলো পুণের কিছু পুলিশ কর্মকর্তা। একেবারে মঞ্চে উঠে আঙুল দেখিয়ে মঞ্চ ছাড়ার নির্দেশ দেয়। কোন কথা না বাড়িয়ে মঞ্চ ছাড়েন এ আর রহমান। ততক্ষণে চিৎকার শুরু করেছেন বহু দর্শক।
এই ঘটনায় চলছে নিন্দার ঝড়। অনেকেই বলছেন পুলিশের এমন আচরণ কাম্য নয়। তারা আরেকটু সংবেদনশীল হতে পারত।
এই ঘটনার পর রহমান কী ভাবছেন? অবশেষে প্রতিক্রিয়া দিলেন এই সুরের জাদুকর। । টুইট করে রহমান ধন্যবাদ জানান, পুণের দর্শকদের। তিনি লেখেন, ‘আপনাদের ভালবাসা পেয়ে আমি আপ্লুত। আর একটু বেশিক্ষণ কাটানোর ইচ্ছে ছিল।

তবে আমার মনে হয় গতকাল একেবারে রকস্টার মুহূর্ত হলো আমার জীবনে। জানি পুনের দর্শক আরও একটু বেশি কিছু আশা করেছিলেন। ধন্যবাদ আপনাদের সকলকে এমন একটা সন্ধ্যার জন্য।’
জানাগেছে, এআর রহমানের ওই শোয়ের জন্য রাত ১০টা পর্যন্তই সময় নির্দিষ্ট ছিল। তবে সময় ১০টা ছাড়িয়েছে তা খেয়াল করেননি শিল্পী। রাত সোয়া ১০টার দিকে শেষ গানটি ধরেছিলেন রহমান। তখনই মঞ্চে উঠে সরাসরি গান বন্ধ করে দেয় পুলিশ।