কঠিন লড়াই শেষে ক্যান্সারের কাছে হার মানতেই হলো ঐন্দ্রিলাকে

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২০, ২০২২, ০৫:০৯ পিএম

কঠিন লড়াই শেষে ক্যান্সারের কাছে হার মানতেই হলো ঐন্দ্রিলাকে

২০১৫ সালে জন্মদিনের দিনই জানতে পারলেন শরীরে বাঁধা বেসেছে মারণরোগ। সেই থেকে লড়াই শুরু। চিকিৎসকরা সময় ৬ মাস বেঁধে দিলেও লড়াই চালিয়ে গেলেন। ২ বার পরাজিত হয়েও ২০২২-এ এসে আজ জিতে গেল ক্যান্সার। 

রোববার (২০ নভেম্বর) দুপুরে ২৪ বছর বয়সে মৃত্যুকে আপন করে চিরনিদ্রায় যেতে হলো ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে।

গত ১ নভেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়ায় পশ্চিমবঙ্গের হাওড়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তখন চিকিৎসকেরা জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল ঐন্দ্রিলার। এরপর কোমায় চলে যান তিনি। নেওয়া হয় ভেন্টিলেশনে।

গত ১৪ নভেম্বর থেকে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শনিবার রাতে ১০ বারের মতো কার্ডিয়াক অ্যারেস্ট হয় ঐন্দ্রিলার। এই ধাক্কা আর সামলাতে পারলেন না তিনি। 

রবিবার সকালেও অভিনেত্রীর বেশ কয়েক বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তারপর থেকেই পরিস্থিতি জটিল হতে শুরু করে। 

দুবার ক্যানসারে আক্রান্ত হলেও সেটি জয় করে বাড়ি ফিরে আসেন ঐন্দ্রিলা। ২০১৫ সালে একাদশ শ্রেণিতে পড়ার সময় প্রথমবার ক্যানসার ধরা পড়ে তাঁর। কর্কট রোগ আক্রমণ করেছিল তাঁর অস্থিমজ্জায়। দ্বিতীয়বার ২০২১ সালে ফুসফুসে টিউমার। 

অভিনয়কে ভালোবেসে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি হয়েছিল ছোট পর্দায় আগমন। ‘ঝুমুর’-ধারাবাহিকে ক্যারিয়ার শুরু হয় ঐন্দ্রিলার। এরপর ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন ঐন্দ্রিলা। সিরিয়ালের পাশাপাশি ‘শেষ থেকে শুরু’ সিনেমায় অভিনেতা জিতের বোনের ভূমিকায় দেখা যায় তাঁকে।

Link copied!