বলিউডে করোনার থাবায় আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। একের পর এক তারকাদের করোনায় আক্রান্তের খবর সামনে আসছে। এবার সেই তালিকায় নাম যুক্ত হয়েছে বলিউডের গুণী অভিনেতা অর্জুন রামপাল। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বিষয়টি নিশ্চিত করেছেন অর্জুন নিজেই।
কোভিড পজিটিভ হওয়ার বিষয়টি নিয়ে অর্জুন তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। যদিও আমার করোনার কোনও লক্ষণ নেই, তবে আমি নিজেকে বাড়িতে বন্দি রেখেছি। চিকিৎসকদের পরামর্শ মেনে চলছি। যারা গত ১০ দিনের মধ্যে আমার সংস্পর্শে এসেছেন, তারা অনুগ্রহ করে টেস্ট করিয়ে নিন। এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন। এটা আমাদের জন্য ভীষণই ভয়ঙ্কর একটা সময়, যদি আমরা এই সময় সচেতনতা অবলম্বন করতে পারি, তাহলেই আমরা ভবিষ্যতে ভালো থাকব। আমাদের একসঙ্গে করোনার বিরুদ্ধে লড়তে হবে।’
অর্জুনের করোনায় আক্রান্তের খবরটি জানার পর থেকেই তার আরোগ্য কামনা করছেন ভক্তরা। এর আগে গত শনিবার করোনায় আক্রান্তের খবর জানিয়েছেন অভিনেতা সোনু সুদ। যথাসম্ভব সচেতন থেকেও রেহাই পাচ্ছেন না বলিউড তারকারা। প্রায় প্রতিদিনই নতুন তারকাদের করোনায় আক্রান্তের বিষয়টি সামনে আসছে।
করোনায় আক্রান্ত বলিউড তারকাদের মধ্যে অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, পরিচালক সতীশ কৌশিক, ফাতিমা সানা শেখ, ভুমি পেডনেকর, ভিকি কৌশল, আমির খান, মাধবন, কার্তিক আরিয়ান, মিলিন্দ সোমন, পরেশ রাওয়াল, বিক্রান্ত সহ আরও অনেকে রয়েছেন।