ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে বড় একটি অংশে রয়েছে বলিউড তারকারা। বলিউডে করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই তারকাদের কোভিড পজিটিভ হওয়ার খবর সামনে আসছে। এবার করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা সোনু সুদ। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম্যে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
করোনায় আক্রান্তের বিষয়টি জানিয়ে সোনু সুদ লিখেছেন, ‘আপনাদের সকলকে জানাচ্ছি আজ সকালে আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে আমি বর্তমানে হোম আইসোলেশনে আছি এবং নিজের যত্ন নিচ্ছি। তবে চিন্তা করবেন না। এই সময়ের মধ্যেই আপনাদের সমস্যাগুলো সমাধান করবো। মনে রাখবেন আমি সবসময় আপনাদের সকলের পাশে আছি।’
করোনার প্রথম থেকে সমাজসেবা করে গিয়েছেন সোনু। করোনা আক্রান্তের চিকিৎসা থেকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো, অসহায়দের পাশে দাঁড়ানোতে, সকলের প্রশংসা কুড়িয়েছেন তিনি। সম্প্রতি পঞ্জাব সরকার তাকে টিকাকরণ অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর করেন। করোনায় আক্রান্ত হয়েও যে সমাজসেবায় ব্যাহত হবে না, তার আশ্বাস দিয়েছেন রিয়েল লাইফের এই হিরো।