এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। করোনার রিপোর্ট পজিটিভ আসার পর আপাতত হোম কোয়ারিন্টাইনেই আছেন এই অভিনেতা। বাড়িতেই চিকিৎসকদের পরামর্শে করোনায় নিয়মবিধি মেনে চলছেন তিনি।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে একাধিক প্রচারে দেখা গিয়েছে এই বলিউড তারকাকে। তাঁর জনসভায় কোনওরকম কোভিড বিধি না মানার অভিযোগ উঠেছে।
নির্বাচন কমিশনের নির্দেশ সত্ত্বেও করোনা বিধি উপেক্ষা করে মিঠুনের জনসভা ভিড় হয়েছিল বলে অভিযোগ তোলে বিরোধী শিবির। মালদার বৈষ্ণবনগর বিধানসভায় বিজেপির প্রার্থীর হয়ে মিঠুনের প্রচারে পাঁচ শতাধিক মানুষের সমাগম হওয়ায় বিরোধীরা আপত্তি জানায়। এছাড়াও সম্প্রতি সঠিকভাবে মাস্ক না পরার জন্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন মিঠন চক্রবর্তী।
এদিকে, বাংলা ও হিন্দি চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেতার করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই দুই ধরণের প্রতিক্রিয়া উঠে এসেছে নেটিজেনদের মধ্যে। একপক্ষের দাবি, কোভিড বিধির তোয়াক্কা না করার জন্যই তিনি আক্রান্ত হয়েছেন। অপরপক্ষ অবশ্য বাঙালির প্রিয় হিরোর দ্রুত আরোগ্য কামনা করেছেন।