বলিউডে করোনার ভয়াবহতা দিনদিন বেড়েই চলেছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বলিউডের প্রবীণ অভিনেতা কিশোর নন্দলস্কর। হিন্দি ছবির পাশাপাশি মারাঠি ছবিতেও রয়েছে তার পরিচিত। গতকাল মঙ্গলবার না গেরার দেশে চলে যান তিনি। মৃত্যুর সময় তার বয়স ছিল ৮১ বছর। এই অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার নাতি অনীশ।
বলিউডের জনপ্রিয় ছবি ‘বাস্তব’, ‘সিংঘম’, ‘সিম্বা’ সহ আরও একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন বর্ষীয়ান অভিনেতা নন্দলস্কর। এই অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার নাতি গণমাধ্যমকে জানান, অভিনেতার কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর স্থানীয় একটি কোভিড-১৯ সেন্টারে তাকে ভর্তি করা হয়েছিল, তবে পরিস্থিতি খারাপের দিকে গেলে গত সপ্তাহেই অন্য আরেকটি বড় হাসপাতালে ভর্তি করতে হয়। তবু শেষ রক্ষা হলো না। তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত হারে কমছিল।
প্রসঙ্গত, ১৯৮৯ সালে ‘ইনা মিনা ডিকা’ ছবি দিয়েই রুপোলি দুনিয়ায় আত্মপ্রকাশ কিশোর নন্দলস্করের। এরপর ‘মিস ইউ মিস’, ‘গাওন থোর পুডারি চোর’, ‘জারা জাপুন কারা’, ‘মধ্যমবর্গ- দ্য মিডল ক্লাস’-এর মতো একাধিক জনপ্রিয় মারাঠি ছবিতে অভিনয় করেছেন অভিনেতা। ‘খাঁকি’, ‘বাস্তব : দ্য রিয়ালিটি’, সিংঘম-এর মোত সুপারহিট বলিউড ছবিরও অংশ থেকেছেন কিশোর নন্দলস্কর। তবে গোবিন্দার ‘জিস দেশ মে গঙ্গা রহতা হ্যায়' ছবির ‘সন্নাটা’ চরিত্রে অভিনয়ের জন্যই দর্শক সবচেয়ে বেশি তাকে মনে রেখেছে।